IPL 2024: আইপিএলের আগে স্টেডিয়াম ও রাজ্য ক্রিকেট সংস্থার অফিসে তালা! ঘরের মাঠে খেলতে পারবে রাজস্থান রয়্যালস?
IPL 2024: আইপিএল শুরু মার্চের ২২ তারিখ। ২৪ মার্চ জয়পুরে রাজস্থান রয়্যালস আইপিএল অভিযান শুরু করবে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে। আপাতত ২১টি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিসিসিআই।
এর মধ্যে তিনটি ম্যাচ রয়েছে জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে। প্রথম ম্যাচের ঠিক এক মাস আগে সেই স্টেডিয়াম ও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসে পড়ল তালা। যা নিয়ে লেগেছে রাজনৈতিক রং।

বকেয়া পরিশোধ-সহ নানা বিষয়ে শর্ত লঙ্ঘনের দায়েই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি রাজস্থান স্পোর্টস কাউন্সিলের। স্টেডিয়ামের পাশাপাশি তাই আরসিএ অফিস ও অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। গতকাল স্টেডিয়াম, আকাদেমি ও অফিস স্পোর্টস কাউন্সিলের হাতে তুলে দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল আরসিএকে।
কিন্তু আরসিএ সেই নোটিশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রাজস্থান স্পোর্টস কাউন্সিলের সচিব সোহন রাম চৌধুরীর। স্পোর্টস কাউন্সিলের সঙ্গে যে মউ স্বাক্ষরিত হয়েছিল তার অনেক শর্ত মানা হয়নি বলেই সম্পত্তি হস্তান্তরের দাবি জানিয়েছিল কাউন্সিল।
সোহন রাম চৌধুরী বলেন, অনেকবার আরসিএকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু কোনও উত্তর আসেনি। শুধু একবার বলা হয়েছিল, মউয়ের মেয়াদ ৮ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার জন্য। আরসিএর সঙ্গে বৈঠকে বসা হলেও তা ফলপ্রসূ হয়নি। ২০০ কোটি টাকা পাওয়ার কথাও স্পোর্টস কাউন্সিলের কাছে আরসিএ অস্বীকার করে বলে অভিযোগ।
সোহনের দাবি, রাজস্থান প্রিমিয়ার লিগ থেকেও প্রচুর অর্থ আদায় করেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু তা মউয়ের শর্ত অনুযায়ী কাউন্সিলের কাছে জমা পড়েনি। আরসিএর বিরুদ্ধে পদক্ষেপ করলেও আইপিএল কিংবা ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সমস্যা হবে না বলে জানিয়েছে রাজস্থান স্পোর্টস কাউন্সিল।
স্টেডিয়াম-সহ গোটা চত্ত্বর রাজস্থান স্পোর্টস কাউন্সিলের। ফলে ম্যাচ আয়োজন বা ক্রিকেটারদের নানা সুযোগ-সুবিধা প্রদানে অসুবিধা হবে না বলে জানান চৌধুরী। আরসিএ সভাপতি বৈভব গেহলট অবশ্য এই অতি সক্রিয়তার পিছনে রাজনৈতিক রং দেখছেন।
বৈভবের দাবি, যে বকেয়া রয়েছে তা অনেক আগের। যার পরিমাণ ৮ কোটি টাকা। ফলে পুরানো একটি বিষয়ে এই পরিমাণ টাকা বকেয়ার কারণে আইপিএলের আগে স্টেডিয়ামে তালা লাগানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা উচিত হয়নি। নোটিশ পাঠিয়ে মাত্র ২ দিন সময় দেওয়া হয়েছিল। খেলাধুলোয় রাজনীতি থাকা উচিত নয়, কিন্তু সেটাই হচ্ছে এখানে।
রাজস্থান স্পোর্টস কাউন্সিলের পদক্ষেপের বিষয়ে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে আরসিএ। উল্লেখ্য, ২৪ মার্চের ম্যাচ ছাড়াও জয়পুরের এই স্টেডিয়ামে ২৮ মার্চ রাজস্থান রয়্যালসের ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ৬ এপ্রিল রয়্যালস বনাম আরসিবি ম্যাচ রয়েছে। এর মধ্যে ২৪ মার্চের ম্যাচটি বিকেল সাড়ে তিনটেয় শুরু। বাকিগুলি সন্ধ্যা সাড়ে ৭টায়।












Click it and Unblock the Notifications