IPL 2024: আরসিবিতে অভিষেক সৌরভ চৌহানের, মাঠকর্মীর পুত্রের প্রশংসা অধিনায়ক ফাফের
IPL 2024: ভারতীয় ক্রিকেটে আরেক সৌরভের উদয়। সৌরভ চৌহান। মাঠকর্মীর পুত্র। আজ জয়পুরে রাজস্থান রয়্যালস ম্যাচে সৌরভকে একাদশে রেখেছে আরসিবি।
অনুজ রাওয়াতের জায়গায় তাঁকে খেলাচ্ছে ফাফ দু প্লেসির দল। সৌরভের প্রশংসা শোনা গিয়েছে আরসিবি অধিনায়কের গলাতেও।

আজ টসের পর যখন সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর আরসিবি অধিনায়কের কাছে দলে কোনও পরিবর্তন আছে কিনা জানতে চান, তখনই সৌরভকে খেলানোর কথা বলেন ফাফ। তিনি বলেন, হয়তো অনেকে জানেন না, কিন্তু সৌরভের দারুণ স্কিল ও ব্য়াটিং দক্ষতা রয়েছে।
ফাফের কথায়, শান্ত স্বভাবের খুব ভালো ছেলে। ভালো হিট করতে পারেন। ব্যাট ঘোরানোর দক্ষতা প্রশংসনীয়, অনবদ্য পাওয়ার রয়েছে তাঁর ব্যাটিংয়ে। সবমিলিয়ে দারুণ প্রতিভা। সৌরভের খেলা দেখার জন্য তাঁরা মুখিয়ে রয়েছেন বলেও জানান আরসিবি অধিনায়ক।
২০২১-২০২২ মরশুমে সৌরভের অভিষেক হয় গুজরাত দলে। প্রথমে সাদা বলের ক্রিকেটে, পরে রঞ্জি ট্রফিতে। ৬টি প্রথম শ্রেণির ম্যাচে ২২৫ রান করেছেন, ২টি অর্ধশতরান-সহ। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ১৩ ম্যাচে ৪৭৬ রান করেছেন। ২টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে।
গত নভেম্বরে বিজয় হাজারে ট্রফিতে অসমের বিরুদ্ধে অপরাজিত ১০৮ রান করেছিলেন। বাংলার বিরুদ্ধে খেলেছিলেন ৫৩ রানের ইনিংস। তার আগে অক্টোবরে সৈয়দ মুস্তাক আলি টি২০-তেও নজর কাড়েন। মণিপুরের বিরুদ্ধে অর্ধশতরান, রেলওয়েজের বিরুদ্ধে অপরাজিত ৪৮ রান করেন। টি২০-তে ১৯টি ম্যাচে ৪৬৪ রান রয়েছে। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। চারটি হাফ সেঞ্চুরি রয়েছে।
আমেদাবাদে মাঠকর্মীর পুত্র সৌরভ। ২৩ বছর ৩১৫ দিনের মাথায় আজ তাঁর আইপিএল অভিষেক হলো। আরসিবি মিনি নিলাম থেকে ২০ লক্ষ টাকার চুক্তিতে সৌরভকে দলে নিয়েছে। সৌরভ এক সাক্ষাৎকারে জানান, দিল্লি ক্যাপিটালস ও আরসিবির ট্রায়ালে তিনি হাজির ছিলেন। আইপিএলে সুযোগ পেয়ে তাঁর ভালো লাগছে।
কোচ তারক ত্রিবেদী, বাবা-মা ও গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সৌরভ। সর্বশেষ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৮ ম্যাচে সৌরভ ২৫১ রান করেন, গড় ৩৫.৮৫, ২টি অর্ধশতরান পান। সর্বাধিক স্কোর ছিল ৬১। স্ট্রাইক রেট ১৮৪.৫৫।
সৌরভের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকলে দেখা যাচ্ছে একটি ছবি ও ভিডিও। যাতে সৌরভ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে সৌরভ চৌহান নিজের আরসিবি জার্সিতে ধোনির অটোগ্রাফ নিয়েছেন।












Click it and Unblock the Notifications