IPL 2024: রাজস্থান রয়্যালসকে জিতিয়ে শেন ওয়ার্নের রেকর্ড স্পর্শ সঞ্জু স্যামসনের
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এলিমিনেটারে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার পৌঁছে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। আইপিএলের সপ্তদশ সংস্করণে আপাতত দৌড় অব্যাহত রয়েছে রাজস্থান রয়্যালসের। একইসঙ্গে অধিনায়ক সঞ্জু অনবদ্য ক্রিকেট খেলছেন।
এবারের আইপিএলে রাজস্থান প্রথম থেকেই ভালো ক্রিকেট খেলে চলেছে। মাঝে এসে পরপর কয়েকটা ম্যাচে হারতে হলেও তারা প্লে অফে উঠেছে। এবং বিরাট কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে পৌঁছে গিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

২০০৮ সালে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম বছরে কাপ ঘরে তুলেছিল রাজস্থান রয়্যালস। তারপরে আর তাঁরা কোনওদিন ফাইনালে জিততে পারেনি। বুধবার বেঙ্গালুরুকে হারিয়ে অধিনায়ক সঞ্জু স্যামসন ছুঁয়ে ফেলেছেন শেন ওয়ার্নকে।
এই মুহূর্তে রাজস্থান রয়্যালস অধিনায়ক হিসেবে ৩১টি ম্যাচ জিতে ওয়ার্নকে স্পর্শ করেছেন সঞ্জু। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ৫৬টি ম্যাচে অধিনায়কত্ব করে ওয়ার্ন ৩১ টি ম্যাচে জয় পেয়েছিলেন। অন্যদিকে সঞ্জু ৬০টি ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়ে ৩১ টি ম্যাচে জয় পেয়েছেন।
এই দুজন বাদে রাহুল দ্রাবিড় ৪০টি ম্যাচের রাজস্থানকে নেতৃত্ব দিয়ে ২৩ টি ম্যাচে জয় পেয়েছিলেন। এছাড়া স্মিথ ২৭ টি ম্যাচের নেতৃত্ব দিয়ে ১৫ টি ম্যাচে রাজস্থানকে জয় এনে দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানে ২৪ টি ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়ে ৯টি ম্যাচে জয় পেয়েছেন। এবং শ্যেন ওয়াটসন ২১ টি ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন সাতটি ম্যাচে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে জিততে পারলে সঞ্জুরা পৌঁছে যাবেন আইপিএল ফাইনালে। এবং সেখানে তাঁদের খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications