IPL 2024: স্যামসন-জুরেল জুটিতেই লখনউ বধ, আইপিএল প্লে-অফে জায়গা পাকা রাজস্থান রয়্যালসের
IPL 2024: চলতি আইপিএলে প্রথম দল হিসেবে ১৬ পয়েন্ট নিশ্চিত করে প্লে-অফে জায়গা পাকা করে ফেলল রাজস্থান রয়্যালস। লখনউ সুপার জায়ান্টসকে এবার তারা হারাল লখনউয়েই।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টানা দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা লোকেশ রাহুলের দল হোম ম্যাচে হোঁচট খেল। সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল অর্ধশতরান হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়লেন। ৬ বল বাকি থাকতে জয় ৭ উইকেটে।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। যদিও দর্শকদের শব্দব্রহ্মে তা বুঝতে পারেননি লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। হেডস কল করেছিলেন স্যামসন, তা-ই পড়ে। যদিও এরপর রাহুল প্রথমে এগিয়ে যান সঞ্চালকের দিকে। কিছু পরেই তাঁর ভুল ভাঙে।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করে লখনউ। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৮ বলে সর্বাধিক ৭৬ করেন রাহুল। দীপক হুডা সাতটি বাউন্ডারির সাহায্যে করেন ৩১ বলে ৫০। কুইন্টন ডি কক ৮, মার্কাস স্টইনিস ০, নিকোলাস পুরাণ ১১ রান করে আউট হন।
আয়ুষ বাদোনি ১৩ বলে ১৮ এবং ক্রুণাল পাণ্ডিয়া ১১ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। চার ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ শর্মা। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৪১, আবেশ খান ৪ ওভারে ৪২ ও রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১টি করে উইকেট নেন। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৪১ রান দেন, উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ৬ ওভারে ১ উইকেটে ৬০ রান তুলে ফেলে রাজস্থান রয়্যালস। ৫.৫ ওভারে জস বাটলার ১৮ বলে ৩৪ রান করে আউট হন দলের ৬০ রানের মাথায়। সপ্তম ওভারের প্রথম বলে যশস্বী জয়সওয়াল ফেরেন ১৮ বলে ২৪ রান করে। ৬০ রানেই পড়ে দ্বিতীয় উইকেট। ৮.৪ ওভারে পড়ে তৃতীয় উইকেট, স্কোর তখন ৭৮।
রিয়ান পরাগ ইমপ্যাক্ট সাব হয়ে নেমে ১১ বলে ১৪ রান করেন। এরপর দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। এই জুটি আর ভাঙতে পারেননি লখনউ সুপার জায়ান্টসের বোলাররা। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৭১ করে অপরাজিত থাকলেন স্যামসন।
ধ্রুব জুরেল ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন, মেরেছেন পাঁচটি চার ও ২টি ছয়। যশ ঠাকুর ৪ ওভারে ৫০, মার্কাস স্টইনিস ১ ওভারে ৩ ও অমিত মিশ্র ২ ওভারে ২০ রান দিয়ে একটি করে উইকেট নেন। রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে লখনউ সুপার জায়ান্টস।












Click it and Unblock the Notifications