IPL 2024: আইপিএলে পাঞ্জাব কিংসে প্রত্যাবর্তন কোহলিদের হেড কোচের, বাঙ্গার পেলেন কোন বড় পদ?
IPL 2024: আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে। তার আগে পাঞ্জাব কিংস ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান করল সঞ্জয় বাঙ্গারকে। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ আগেও পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন।
২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচের দায়িত্ব সামলানোর পরের দুই বছরের জন্য হেড কোচ হয়েছিলেন। এবারও যে পদে তাঁকে ফেরানো হলো তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

নতুন দায়িত্ব পেয়ে খুশি বাঙ্গার বলেন, আমাদের দল যে যথেষ্টই ভালো তা প্রমাণ করে এবারের নিলামের আগে সবচেয়ে কম সংখ্যক ক্রিকেটার ছাড়ার বিষয়টি। আসন্ন মরশুম এবং তার পরবর্তীকালেও দলকে আরও শক্তিশালী করে সাফল্যের সরণিতে রাখার চ্যালেঞ্জ নেওয়ার কথাও উঠে এসেছে বাঙ্গারের বক্তব্যে।
ডিরেক্টর অব ক্রিকেট পদের মতোই এই ক্রিকেট ডেভেলপমেন্ট হেডের পদটি। জানা যাচ্ছে, বাঙ্গার হেড কোচ ট্রেভর বেলিসের সঙ্গে থেকেই কাজ করবেন। আইপিএলের নিলামের আসরেও বাঙ্গার থাকবেন বলে জানা যাচ্ছে। আইপিএলে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত থাকার পর বাঙ্গার ভারতের ব্যাটিং কোচ হয়েছিলেন।
২০১৯ সালের বিশ্বকাপের সময়ও তিনি ওই পদেই ছিলেন। ২০২১ সালের আইপিএলের আগে বাঙ্গারকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরের দু-বছর তিনি আরসিবির হেড কোচের দায়িত্ব সামলেছেন। চলতি বছরের আইপিএল অবধি বাঙ্গার ও ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস মাইক হেসনের চুক্তি ছিল।
সেই চুক্তি পুনর্নবীকরণের পথে হাঁটেনি আরসিবি। অ্যান্ডি ফ্লাওয়ার স্থলাভিষিক্ত হন বাঙ্গারের। আইপিএলে একবারও খেতাব জিততে পারেনি পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিটি। ভাগ্য বদলাতে দলের নাম, জার্সির রং, লোগো ইত্যাদি বদলেও সাফল্য মেলেনি। তবে বাঙ্গার থাকাকালীন ২০১৪ সালে আইপিএল রানার-আপ হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব।
তবে বাঙ্গার হেড কোচ থাকাকালীন চরম ব্যর্থ হয় কিংস ইলেভেন পাঞ্জাব। পয়েন্ট তালিকায় সবার নীচে ছিল ওই দুটি মরশুমে। এবারের নিলামের আগে মাত্র পাঁচজন প্লেয়ার ছেড়েছে পাঞ্জাব কিংস। তাঁদের মধ্যে শাহরুখ খানকে ছাড়ায় ৯ কোটি টাকা ঝুলিতে এসে গিয়েছে তাদের। ২৯.১ কোটি টাকা নিয়ে নিলামে থাকছে পাঞ্জাব কিংস।












Click it and Unblock the Notifications