IPL 2024: সুনীল-সল্টের দাপট! ইডেনে ধোনিদের কীর্তি ভেঙে শাহরুখের সামনেই নয়া রেকর্ড কেকেআরের
IPL 2024: ইডেনে ঈর্ষণীয় রেকর্ড দখলে নিল কলকাতা নাইট রাইডার্স। গত বছর ক্রিকেটের নন্দনকাননে আইপিএলে দলগত সর্বাধিক রানের নজির গড়েছিল চেন্নাই সুপার কিংস।
কেকেআরের দাপুটে ব্যাটিংয়ে সেই রেকর্ড ভেঙে ছারখার। পাঞ্জাব কিংস টস জিতে ফিল্ডিং নিয়েছিল, রানের পাহাড় চাপাল নাইট-ব্রিগেড।

গত বছরের ২৩ এপ্রিল ইডেনে কেকেআরের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে ২৩৫ রান তুলে ৪৯ রানে জিতেছিল। সেটিই এতদিন অবধি ছিল ইডেনে কোনও আইপিএল দলের সর্বাধিক দলগত রান। আজ ১৮তম ওভারে স্যাম কারান ২৪ রান খরচ করতেই ধোনিদের কীর্তি ছাপিয়ে যায় কেকেআর।
ইডেনে এর আগে কেকেআরের সর্বাধিক রান ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ২০১৯ সালের ২৮ এপ্রিল সেই ম্যাচে কেকেআর ২ উইকেটে ২৩২ রান তুলেছিল। ম্যাচ জিতেছিল ৩৪ রানে। সেই নজির টপকে আজ নাইটরা তুলল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান।
চলতি আইপিএলে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর তুলেছিল ৭ উইকেটে ২৭২। আইপিএলের ইতিহাসে দলগত সর্বাধিক রানের তালিকায় সেটি রয়েছে তিনে। আজ কেকেআরের ইনিংসটি রইল আইপিএলে কোনও ইনিংসে কোনও দলের সবচেয়ে বেশি রানের নিরিখে সপ্তম স্থানে।
ইডেনে এবারের আইপিএলে প্রথম ম্যাচে কেকেআর ৭ উইকেটে ২০৮ রান তুলে ৪ রানে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। পরের ম্য়াচে লখনউ সুপার জায়ান্টস ৭ উইকেটে ১৬১ তোলে, নাইটরা ২৬ বল বাকি থাকতে জিতেছিল ৮ উইকেটে। প্রথম ম্যাচের তৃতীয় ও চতুর্থ ম্যাচে দুই ইনিংসেই দুশোর উপর রান ওঠে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর ৬ উইকেটে ২২৩ তুলেও শেষ বলে ২ উইকেটে পরাস্ত হয়। আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে কেকেআর তোলে ৬ উইকেটে ২২২, আরসিবি হেরে গিয়েছিল ১ রানে। ফলে একটি ম্যাচ বাদে সব ম্যাচেই দুশোর উপর রান উঠল।
আজ ওপেনিং জুটিতে ১০.২ ওভারে ওঠে ১৩৮ রান। ফিল সল্ট ৩৭ বলে ৭৫ (৬টি করে চার ও ছয়ের সাহায্যে) এবং সুনীল নারিন ৩২ বলে ৭১ (৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে) রান করেন। দুজনেই ক্যাচ দিয়ে জীবন পাওয়ার পুরো ফায়দা তোলেন। আন্দ্রে রাসেল ১২ বলে ২৪, অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০ বলে ২৮, রিঙ্কু সিং ৪ বলে ৫ রান করেন।
ভেঙ্কটেশ আইয়ার শেষ বলে রান আউট হন ২৩ বলে ৩৯ (তিনটি চার ও ২টি ছয়) রান করে। রামনদীপ সিং ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন। অর্শদীপ সিং চার ওভারে ৪৫ রানে ২টি এবং স্যাম কারান ৪ ওভারে ৬০, রাহুল চাহার ৪ ওভারে ৩৩ ও হর্ষল প্যাটেল ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন। কাগিসো রাবাডা ৩ ওভারে ৫২ ও হরপ্রীত ব্রার ২ ওভারে ২১ রান দিয়ে কোনও উইকেট পাননি।
এদিকে, টি২০-তে ইডেনে পাঁচশোর বেশি রান করার কীর্তি গড়লেন সুনীল নারিন। চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে, বিরাট কোহলি (৯ ম্যাচে ৪৩০ রান)-র পরেই। নারিন ১টি শতরান ও ২টি অর্ধশতরানের সৌজন্যে ৮ ম্যাচে ৩৫৭ রান করেছেন।












Click it and Unblock the Notifications