রোহিত ফর্মে ফিরলেও টি২০ বিশ্বকাপের আগে ব্যর্থ হার্দিক-সূর্য, মুম্বইকে হারাল লখনউ, অর্জুন কেমন খেললেন?
IPL 2024: আইপিএলে নিয়মরক্ষার ম্যাচে সান্ত্বনার জয় পেল লখনউ সুপার জায়ান্টস। পয়েন্ট তালিকার সবার নীচে থেকেই অভিযান শেষ করল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স।
আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলেরই ছিল শেষ ম্যাচ। আগেই ছিটকে গিয়েছিল দুই দল। এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস দাপুটে জয় ছিনিয়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে।

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। পাঁচটি চার ও আটটি ছয়ের সাহায্যে ২৯ বলে সর্বাধিক ৭৫ রান করেন নিকোলাস পুরান। অধিনায়ক লোকেশ রাহুল ৪১ বলে ৫৫ করেন।
রাহুলের সঙ্গে ওপেন করতে নামা দেবদত্ত পাড়িক্কল গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। মার্কাস স্টইনিস ২২ বলে ২৮, দীপক হুডা ৯ বলে ১১, আরশাদ খান ১ বলে ০ রানে সাজঘরে ফেরেন। আয়ুষ বাদোনি ১০ বলে ২২ ও ক্রুণাল পাণ্ডিয়া ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
জসপ্রীত বুমরাহকে শেষ ম্যাচে বিশ্রাম দিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর জায়গায় সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেললেন। প্রথম ১২ বলে ৭টি ডট বল করেন। ২ ওভারে দেন ১০। অর্জুনের বলে মার্কাস স্টইনিস ডিআরএস নিয়ে লেগ বিফোর থেকে রক্ষা পান। ১৫তম ওভারে বল করতে গিয়ে প্রথম দুই বলে ছক্কা হজমের পর ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়েন অর্জুন।
শ্রীলঙ্কান পেসার নুয়ান তুষারা ৪ ওভারে ২৮ ও পীযূষ চাওলা ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ২ ওভারে দেন ২৭। জবাবে খেলতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের ছন্দে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। সেই সময় হার্দিকের দলের স্কোর ছিল ৩.৫ ওভারে বিনা উইকেটে ৩৫।
নবম ওভারের চতুর্থ বলে ভাঙে ওপেনিং জুটি, দলগত ৮৮ রানে। ২০ বলে ২৩ করেন রোহিতের সঙ্গে ওপেন করতে নামা ডেওয়াল্ড ব্রেভিস। সেখান থেকে ১৪.২ ওভারে স্কোর গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ১২০। সূর্যকুমার যাদব ৩ বলে ০, রোহিত শর্মা ৩৮ বলে ৬৮, হার্দিক পাণ্ডিয়া ১৩ বলে ১৬, নেহাল ওয়াধেরা ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি।
ঈশান কিষাণ করেন ১৫ বলে ১৪। নমন ধীর অপরাজিত থাকেন ২৮ বলে ৬২ রান করে। ১ রানে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে। লখনউ জিতল ১৮ রানে। নবীন উল হক ও রবি বিষ্ণোই ২টি করে এবং ক্রুণাল পাণ্ডিয়া ও মহসীন খান ১টি করে উইকেট দখল করেছেন।












Click it and Unblock the Notifications