IPL 2024: আইপিএলের আগে স্বস্তি দিল্লি ক্যাপিটালসের, ঋষভ পন্থ পেলেন ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র
IPL 2024: আইপিএলের আগে বড় স্বস্তি দিল্লি ক্যাপিটালসের। ঋষভ পন্থ আইপিএলে খেলার ছাড়পত্র আদায় করে নিলেন ন্যাশনাল ক্রিকেট আকাদেমি থেকে।
পন্থই যে এবার দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্বের দায়িত্বে ফিরছেন তা জানা গিয়েছিল আগেই। কিন্তু অপেক্ষা ছিল এনসিএ থেকে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার। সেটিও এসে গেল।

দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ঋষভের সামনে লম্বা কেরিয়ার পড়ে। ফলে তাঁকে খেলানোর জন্য তাড়াহুড়ো করা হবে না। প্রথমে এনসিএ-র ছাড়পত্র এলে পন্থকে দেখে নেওয়া হবে শিবিরে। যদিও পন্থের সঙ্গে বেঙ্গালুরুতে কথা বলে ইতিবাচক বার্তাই পান সৌরভ।
তবে যতক্ষণ এনসিএ পন্থকে ছাড়পত্র না দেবে ততক্ষণ তাঁকে নিয়ে কোনও বড় ঘোষণাও করতে পারছিল না দিল্লি ক্যাপিটালস। তবে সংবাদসংস্থা সূত্রে খবর, পন্থ ফিটনেস ক্লিয়ারেন্স নিয়েই দু-তিনদিন আগে এনসিএ ছেড়েছেন। জানা যাচ্ছে, আইপিএল সংক্রান্ত কিছু শ্যুটিংয়ের কাজও সারছেন পন্থ।
দিল্লির বাড়িতে কয়েক দিন কাটিয়ে পন্থ বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দেবেন বলেও জানা যাচ্ছে। তবে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিলেও অন্তত প্রথমার্ধে তিনি ব্যাটার হিসেবে খেলবেন বলেই জানা যাচ্ছে। উইকেটকিপিংয়ের দায়িত্ব তাঁকে সামলাতে হবে না। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কেরিয়ারের কথা ভেবেই।
দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ মুল্লানপুরে, ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ২৮ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে জয়পুরে। ৩১ মার্চ চেন্নাই সুপার কিংস ও ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস খেলবে বিশাখাপত্তনমে। ৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুম্বইয়ে খেলবে ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications