IPL 2024: আরসিবির বিরাট জয়ে টিকে কোহলির খেতাব জয়ের স্বপ্ন! সিএসকের বিদায়, ধোনিরও?
IPL 2024: স্বপ্নের সফরে শেষ চার নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৬ ম্যাচ জিতে। আজ চিন্নাস্বামীতে চেন্নাই সুপার কিংসকে বিধ্বস্ত করল ফাফ দু প্লেসির দল।
চেন্নাই সুপার কিংসের সামনে ছিল ২১৯ রানের টার্গেট। কিন্তু প্লে-অফে যেতে তুলতে হতো ২০১। সেটাও পারল না ঋতুরাজ গায়কোয়াড়ের দল। ফলে সম্ভবত শেষ ম্য়াচটি খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি।

চেন্নাই সুপার কিংস যেমন ভুগল ভালো মানের পেসারের অভাবে, আরসিবির জোরে বোলাররা গতির তারতম্য ঘটিয়ে বুদ্ধিদীপ্ত বোলিং করে কাজের কাজটা সারলেন। প্রথম বলেই ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন গ্লেন ম্যাক্সওয়েল।
ড্যারিল মিচেল ৬ বলে ৪ রান করে আউট হলে স্কোর দাঁড়ায় ২.২ ওভারে ১৯। এরপর অজিঙ্ক রাহানে ও রাচিন রবীন্দ্র দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৯.১ ওভারে দলের ৮৫ রানে ফেরেন রাহানে (২২ বলে ৩৩)। তবে টার্নিং পয়েন্ট শিবম দুবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রাচিন রবীন্দ্রর রান আউট।
আইপিএলে প্রথম অর্ধশতরান করা রবীন্দ্র ফেরেন ৩৭ বলে ৬১ রানে। শিবম দুবে শুরু থেকেই ছিলেন অস্বস্তিতে। ১৫ বলে ৭ রান করে তিনি আউট হন। স্যান্টনার ৪ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মহম্মদ সিরাজের বলে। অনেকটা লাফিয়ে এক হাতে যে ক্যাচ ফাফ দু প্লেসি ধরলেন তা টুর্নামেন্টের সেরা হতেই পারে।
রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির জুটি ফের সিএসকেকে ম্যাচে ফেরায়। প্লে-অফে যেতে শেষ ১২ বলে দরকার ছিল ৩৫। শেষ ওভারে ১৭। প্রথম বলে ধোনি ছয় মারলেও পরের বলে আউট হয়ে যান। প্লে-অফে যেতে ৪ বলে দরকার হয়ে পড়ে ১১। শার্দুল ঠাকুর প্রথম বল মিস করায় কমে সিএসকের আশা।
চেন্নাই সুপার কিংস শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১৯১ তোলে। ২২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ১৩ বলে ২৫ রান ধোনির। যশ দয়াল ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন ও গ্রিনের।
এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছিল সিএসকে। আরসিবি তোলে ৫ উইকেটে ২১৮। ফাফ দু প্লেসি ৫৪, বিরাট কোহলি ৪৭, রজত পাটীদার ৪১ রান করেন। ক্যামেরন গ্রিন ৩৮ রানে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর ২টি ও তুষার দেশপাণ্ডে এবং মিচেল স্যান্টনার ১টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications