IPL 2024, RCB vs SRH Updates: আইপিএলে রেকর্ড ব্রেকিং ম্য়াচ! সানরাইজার্স অস্তে পাঠাল আরসিবিকে
IPL 2024, RCB vs SRH Updates: আইপিএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আজ হারলে প্লে-অফের রাস্তা কঠিন হয়ে যাবে আরসিবির।
৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে আরসিবি। ৫ ম্যাচে ৬ পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদের, রয়েছে চারে। এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

আরসিবির বিদায়ঘণ্টা
আইপিএলে রেকর্ড ব্রেকিং ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ বেঙ্গালুরুতে ২৫ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। চলতি আইপিএল প্রথম দল হিসেবে আজ সপ্তম ম্যাচ খেলে ফেলল আরসিবি। হারার ফলে পয়েন্ট তালিকায় অবস্থান সকলের নীচে, সাকুল্যে ২ পয়েন্ট। ফলে বাকি ৭টি ম্যাচের সব কটিতেও জিতলে ফাফ দু প্লেসির দল পৌঁছবে ১৬ পয়েন্টে। তাতেও প্লে-অফে যেতে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের নিরিখে আরসিবি (বিনা উইকেটে ৭৯) তিন রানে এগিয়ে ছিল সানরাইজার্স হায়দরাবাদের চেয়ে। ৬.২ ওভারে বিরাট কোহলি বোল্ড হয়ে যান স্যুইপ মারতে গিয়ে। প্রথম উইকেটের পতন ৮০ রানে। বিরাট করেন ২০ বলে ৪২, মেরেছেন ৬টি চার ও ২টি ছয়।
এরপর মিডল অর্ডারে ধস নামতেই ম্যাচ থেকে ক্রমাগত হারিয়ে যেতে থাকে আরসিবি। অষ্টম ওভারের শেষ বলে ১০০ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সেখান থেকে দশম ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১২২। রজত পাটীদার ৯, সৌরভ চৌহান ১ রানে আউট হন।
অধিনায়ক ফাফ দু প্লেসি সাতটি চার ও চারটি ছয়ের দৌলতে ২৮ বলে ৬২ রান করেন। মহীপাল লোমরর করেন ১১ বলে ১৯। দীনেশ কার্তিক অর্ধশতরান করলেও তা জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। কার্তিক এদিন ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।
পাঁচটি চার ও সাতটি ছয় মেরে দীনেশ কার্তিক আউট হন ৩৫ বলে ৮৩ রান করে। আরসিবি শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে। আইপিএলে কোনও ম্যাচে সবচেয়ে বেশি ৩৮টি ছয়, দলগত মোট সর্বাধিক রানের রেকর্ডের সাক্ষী থাকল আজকের এই দ্বৈরথ।
অনুজ রাওয়াত ১৪ বলে ২৫ ও বিজয়কুমার ভিশাক ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। প্যাট কামিন্স ৪ ওভারে ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন। ময়াঙ্ক মার্কণ্ডে ২টি ও টি নটরাজন ১টি উইকেট পেলেন। সানরাইজার্স জিতল ২৫ রানে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রইল তিনেই। কেকেআর, চেন্নাই সুপার কিংসেরও রয়েছে ৮ পয়েন্ট করে। কেকেআর কাল ষষ্ঠ ম্যাচ খেলবে।
রেকর্ড টার্গেট আরসিবির সামনে
আইপিএলে হোম ম্যাচে প্রবল চাপে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের সপ্তম ম্যাচে ষষ্ঠ পরাজয় এড়াতে আরসিবিকে করতে হবে ২৮৮ রান। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে কোনও ইনিংসে দলগত সর্বাধিক স্কোর।
৯টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৪২ বলে ১০২ রান করেন ট্রাভিস হেড। ২০ বলে ৫০ ও ৩৯ বলে শতরান পূর্ণ করেন তিনি। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পর তিনে নামা হেইনরিখ ক্লাসেন ৩১ বলে ৬৭ রান করেছেন। মেরেছেন ২টি চার ও সাতটি ছয়।
পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ওঠে বিনা উইকেটে ৭৬। ৪.৩ ওভারে ৫০, ৭.১ ওভারে ১০০, ১১.২ ওভারে দেড়শো, ১৫ ওভারে ২০০ এবং ১৮.৩ ওভারে আড়াইশো রান টপকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনিং জুটি ভাঙে ৮.১ ওভারে, ১০৮ রানে। ২২ বলে ৩৪ রান করেন অভিষেক শর্মা। আবদুল সামাদ ১০ বলে ৩৭ ও এইডেন মার্করাম ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকলেন।
এগিয়ে হায়দরাবাদ
পয়েন্টের তালিকায় তো বটেই, পারস্পরিক দ্বৈরথের নিরিখেও এগিয়ে থেকেই আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ মোট ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে। আসসিবির জয় ১০টতে, সানরাইজার্সের জয় ১১টি ম্যাচে, একটি ম্যাচ টাই। চিন্নাস্বামীতে দুই দলের সাতটি দ্বৈরথে অবশ্য আরসিবি এগিয়ে ৫-২ ব্যবধানে।












Click it and Unblock the Notifications