IPL 2024: প্লে-অফের দৌড়ে থাকতে আরসিবির ডেরায় দিল্লি ক্যাপিটালস, পন্থের অনুপস্থিতিতে নেতা অক্ষর
IPL 2024: আইপিএলে প্লে-অফের জায়গা পাকা করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। বাকি তিনটি জায়গার জন্য জোর টক্কর। রবিবার চেন্নাই সুপার কিংসকে হারালে রাজস্থান রয়্যালসও শেষ চারের টিকিট কনফার্ম করবে।
রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। যদিও দিল্লি ক্যাপিটালস পড়ছে ঘোর সমস্যায়। বদলাতে হচ্ছে টিম কম্বিনেশন।

আরসিবি তাদের বাকি ম্য়াচগুলি জিতলে ১৪ পয়েন্টে পৌঁছবে। যা প্লে-অফে ওঠার ক্ষেত্রে পর্যাপ্ত না হওয়ার সম্ভাবনাই বেশি। দিল্লি ক্যাপিটালসের সামনে ১৬ পয়েন্টে পৌঁছনোর হাতছানি রয়েছে। তবে সেজন্য তাদেরও বাকি ম্যাচগুলিতে জয় ছিনিয়ে নিতে হবে।
আরসিবি টানা পঞ্চম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে নিজেদের ডেরায় নামতে চলেছে। দিল্লি ক্যাপিটালস তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে। স্লো ওভার রেটে ফাঁদে জড়িয়ে পড়ায় আরসিবি ম্যাচে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে অক্ষর প্যাটেল নেতৃত্ব দেবেন।
দুই দলের মধ্যে আইপিএলে মোট ৩১টি ম্যাচ হয়েছে। তার মধ্যে আরসিবির জয় ১৯টিতে। দিল্লি জিতেছে ১১টিতে। ১টি ম্য়াচ পরিত্যক্ত। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে আরসিবির জয় চারটিতে, যদিও দুই দলের সর্বশেষ সাক্ষাতে ৭ উইকেটে জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস।
চিন্নাস্বামী স্টেডিয়ামেই আইপিএলে দুই ইনিংস মিলিয়ে রেকর্ড রান উঠেছিল আরসিবি-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে। সানরাইজার্স তোলে ৩ উইকেটে ২৮৭, জবাবে আরসিবি ৭ উইকেটে ২৬২ তোলে। তবে বাকি চারটি ম্যাচে কোনও দল ২০০-তে পৌঁছয়নি। সর্বশেষ ম্যাচে গুজরাতকে ১৪৭-এ থামিয়ে ৪ উইকেটে জয় পেয়েছিল আরসিবি।
বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে। রবিবাসরীয় দ্বৈরথেও বৃষ্টিতে খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জোরে বোলাররা চিন্নাস্বামীর উইকেট থেকে ফায়দা আদায় করতে পারেন কিনা সেটাও দেখার। আরসিবি দলে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে লকি ফার্গুসনের জায়গায় ফেরাতে পারে গ্লেন ম্যাক্সওয়েলকে।
দিল্লি ক্যাপিটালস দলে চোট সারিয়ে কামব্যাক করতে পারেন ডেভিড ওয়ার্নার। ঝাই রিচার্ডসনকে খেলানোর পরিকল্পনাও ঘুরপাক খাচ্ছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। পন্থের জায়গায় মিডল অর্ডারে খেলানো হতে পারে যশ ঢুল বা কুমার কুশাগ্রকে। অভিষেক পোড়েল ওপেনিংয়েই নামবেন।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার বা শেই হোপ, যশ ঢুল বা কুমার কুশাগ্র, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ললিত যাদব বা সুমিত কুমার, রসিখ সালাম, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ঝাই রিচার্ডসন। বোলিংয়ের সময়- খলিল আহমেদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), উইল জ্যাকস, রজত পাটীদার, গ্লেন ম্য়াক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), স্বপ্নিল সিং, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, বিজয়কুমার ভিশাক। বোলিংয়ের সময়- যশ দয়াল।












Click it and Unblock the Notifications