IPL 2024: রাহুল কি ফিরছেন আইপিএলের পুরানো দলেই? দ্রাবিড়কে মেন্টর করতে মরিয়া গোয়েঙ্কার লখনউও
IPL 2024: রাহুল দ্রাবিড় কোন ভূমিকা পালন করবেন, বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়েছে জল্পনা। তিনি নিজে সরাসরি কিছু না জানালেও, বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরে জানা যাচ্ছে, দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচ থাকতে চাইছেন না।
বিশ্বকাপ অবধি তাঁর সঙ্গে চুক্তি ছিল। ফলে দক্ষিণ আফ্রিকা সফরের দল চূড়ান্ত করার আগে শীঘ্রই দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসবেন বিসিসিআই কর্তারা। দ্রাবিড় ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান পদে ফিরতে পারেন। আবার যোগ দিতে পারেন আইপিএল দলেও।

বিসিসিআই সভাপতি থাকাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায় ও বোর্ড সচিব জয় শাহ-ই রাহুল দ্রাবিড়ের হাতে তুলে দিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব। তবে পরিবারকে আরও বেশি সময় দিতে চাইছেন দ্রাবিড়। ভারতীয় দলের হেড কোচ থাকলে বছরভর দেশে-বিদেশে যেতে হয়। সেটা আর চাইছেন না ভারতীয় ক্রিকেটের ওয়াল।
দ্রাবিড় এনসিএ প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারই ফাঁকে ফাঁকে রবি শাস্ত্রী হেড কোচ থাকাকালীন দ্রাবিড় ভারতের অন্য দল নিয়ে বিভিন্ন সফরে গিয়েছেন। যেমনটা তাঁর সময় করেছেন ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় এনসিএ প্রধান থেকে ভারতের হেড কোচ হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন লক্ষ্মণ। দ্রাবিড় কোচ না থাকলে লক্ষ্মণই ভারতীয় দলের হেড কোচ হবেন স্থায়ীভাবে।
আপাতত লক্ষ্মণের প্রশিক্ষণেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি ২০ আন্তর্জাতিকের সিরিজ খেলছে। বেঙ্গালুরুর বাসিন্দা দ্রাবিড় নিজের শহরে এনসিএ-র দায়িত্বে ফিরতে আগ্রহী। এরই মধ্যে তাঁর সঙ্গে কথা চালাচ্ছে আইপিএলের বিভিন্ন দল। ফলে দ্রাবিড় কোন পথে হাঁটবেন, তা এখনই বলা যাচ্ছে না। তবে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে দ্রাবিড়ের।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রাহুল দ্রাবিড়কে মেন্টর করে ফেরাতে চাইছে রাজস্থান রয়্যালস। ইতিমধ্যেই ওই দলের কোচিং স্টাফের দায়িত্ব ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ লাসিথ মালিঙ্গা। ফলে কুমার সঙ্গকারার সঙ্গে এবার দ্রাবিড়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে রাজস্থান। ফলে দ্রাবিড় পুরানো দলে ফিরবেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে।
লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। লখনউয়ের হেড কোচ হয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। তাঁর সঙ্গে মেন্টর হিসেবে দ্রাবিড়কে জুড়ে দিতে চাইছে সঞ্জীব গোয়েঙ্কার দল। সেক্ষেত্রে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলের ডাগআউটে দেখা যেতে পারে আরেক রাহুলকে, রাহুল দ্রাবিড়কে।












Click it and Unblock the Notifications