IPL 2024, SRH vs RR Updates: সানরাইজার্স হায়দরাবাদ ৩৬ রানে হারাল রাজস্থান রয়্যালসকে, ফাইনালে সামনে কেকেআর
IPL 2024, SRH vs RR: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ের চিপকে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।
এই ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।

ফাইনালে সানরাইজার্স
দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে আইপিএল ফাইনালে চলে গেল সানরাইজার্স হায়দরাবাদ। স্লো পিচে রান তাড়া কঠিন ছিল না। শুরু থেকে ভুবনেশ্বর কুমার ও প্যাট কামিন্সের নিয়ন্ত্রিত বোলিং কাজটা কঠিন করে দেয় রাজস্থান রয়্যালসের। পাওয়ারপ্লে-র শেষে স্কোর ছিল ১ উইকেটে ৫১। চতুর্থ ওভারের শেষে টম কোহলার-ক্যাডমোর ১৬ বলে ১০ রান করে কামিন্সের শিকার হন।
অষ্টম ওভারের পঞ্চম বলে বিপজ্জনক যশস্বী জয়সওয়ালকে প্যাভিলিয়নে পাঠান শাহবাজ। যশস্বী এই ওভারেই ছক্কা হাঁকান, কিন্তু এরপর বড় শট নিতে গিয়ে সামাদের হাতে ক্যাচ দেন। ২১ বলে তিনি করেন ৪২। ৬৫ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট, ৮.৩ ওভারে ৬৭ রানে পড়ে তৃতীয় উইকেট।
সঞ্জু স্যামসন ব্যক্তিগত ১০ রানে অভিষেক শর্মার প্রথম ওভারেই আউট হন। ১০ বলে ৬ রান করে রিয়ান পরাগ শাহবাজের দ্বিতীয় শিকার। ১১.১ ওভারে ৭৯ রানে চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রয়্যালস। এই ওভারেরই চতুর্থ বলে অশ্বিনকে (৩ বলে ০) ফেরান শাহবাজ। ৭৯ রানেই পড়ে পঞ্চম উইকেট।
১৩.৪ ওভারে ইমপ্যাক্ট সাব শিমরন হেটমায়ারকে (১০ বলে ৪) বোল্ড করে দেন অভিষেক শর্মা। ৯২ রানে ছয় উইকেট হারিয়ে বিপদ বাড়ে রাজস্থানের। ১৭.৪ ওভারে ১২৪ রানে পড়ে সপ্তম উইকেট। টি নটরাজনের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রভম্যান পাওয়েল (১২ বলে ৬)।
রাজস্থান রয়্যালস ৭ উইকেটে ১৩৯ রানের বেশি যেতে পারেনি। ৩৫ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। ট্রেন্ট বোল্ট ০ রানে অপরাজিত থাকেন। শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৩ দিয়ে তিনটি ও অভিষেক শর্মা ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। প্যাট কামিন্স ৪ ওভারে ৩০ ও টি নটরাজন ৩ ওভারে ১৩ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন।
রাজস্থানের টার্গেট ১৭৬
আইপিএল ফাইনালে উঠতে রাজস্থান রয়্যালসের টার্গেট ২০ ওভারে ১৭৬। আজ চেন্নাইয়ের চিপকে টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। সানরাইজার্স ঝোড়ো শুরু করলেও দুশোর কাছাকাছি পৌঁছতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রান ১৭৫ তুলল সানরাইজার্স। চারটি ছয়ের সাহায্যে হেইনরিখ ক্লাসেন ৩৪ বলে সর্বাধিক ৫০ করেন। ট্রাভিস হেড ২৮ বলে ৩৪, রাহুল ত্রিপাঠী ১৫ বলে ৩৭, অভিষেক শর্মা ৫ বলে ১২, এইডেন মার্করাম ২ বলে ১, নীতীশ কুমার রেড্ডি ১০ বলে ৫, আবদুল সামাদ ১ বলে ০, হেডের পরিবর্তে ইমপ্যাক্ট সাব শাহবাজ আহমেদ ১৮ বলে ১৮ করেন। প্যাট কামিন্স ৫ রানে অপরাজিত থাকেন, জয়দেব উনাদকাট রান আউট হন ৫ রান করেই। ট্রেন্ট বোল্ট ও আবেশ খান তিনটি করে উইকেট নেন। সন্দীপ শর্মা পেয়েছেন ২টি উইকেট।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএল সাক্ষী থেকেছে দুই দলেরই তুল্যমূল্য লড়াইয়ের। চলতি আইপিএলের ৫০তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের মাঠে ১ রানে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আইপিএলে মোট ১৯টি সাক্ষাতে রাজস্থানের জয় ৯টি, ১০টিতে জিতেছে হায়দরাবাদ। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখেও এগিয়ে অরেঞ্জ আর্মি। তিনটিতে জিতেছে সানরাইজার্স, দুটিতে রয়্যালস। পারস্পরিক শেষ দুটি দ্বৈরথে অবশ্য শেষ হাসি হেসেছে সানরাইজার্সই। দুটিতেই এসেছে রুদ্ধশ্বাস জয়। গত বছর শেষ বলে ৪ উইকেটে জিতেছিল অরেঞ্জ আর্মি, এবারের জয় ১ রানে।












Click it and Unblock the Notifications