IPL 2024: 'ইমপ্যাক্ট সাব' শাহবাজ ছিটকে দিলেন রাজস্থানকে, আইপিএল ফাইনালে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ
IPL 2024: রবিবাসরীয় আইপিএল ফাইনালে কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্সের খেতাবি লড়াই সুনিশ্চিত করলেন শাহবাজ আহমেদ। ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ব্যাটে-বলে অবদান রেখে।
এবারও ফাইনালে উঠতে পারল না রাজস্থান রয়্যালস। এলিমিনেটরে সঞ্জু স্যামসনরা জিতলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩৬ রানে দাপুটে জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথম ৬ ওভারে সানরাইজার্স তোলে ৩ উইকেটে ৬৮। ১০.২ ওভারে ১০০ রান এসে যায়। কিন্তু তারপরও সানরাইজার্স ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রানের বেশি যেতে পারেনি।
হেইনরিখ ক্লাসেন ৩৪ বলে ৫০, রাহুল ত্রিপাঠী ১৫ বলে ৩৭, ট্রাভিস হেড ২৮ বলে ৩৪ রান করেন। অভিষেক শর্মা করেন ৫ বলে ১২। হেডের পরিবর্তে ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শাহবাজ আহমেদ ব্যাটে-বলে অবদান রাখলেন। আটে নেমে ১৮ বলে ১৮ রানের ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে তুলে নিলেন তিন উইকেট।
নীতীশ কুমার রেড্ডি ৫, এইডেন মার্করাম ১, আবদুল সামাদ ০, জয়দেব উনাদকাট ৫ রান করেন। প্যাট কামিন্স অপরাজিত থাকেন ৫ রানে। ট্রেন্ট বোল্ট ও আবেশ খান নেন তিনটি করে উইকেট। সন্দীপ শর্মা তুলে নেন ২ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল উইকেট পাননি।
স্লো পিচে রান তাড়া কঠিন ছিল না। শুরু থেকে ভুবনেশ্বর কুমার ও প্যাট কামিন্সের নিয়ন্ত্রিত বোলিং কাজটা কঠিন করে দেয় রাজস্থান রয়্যালসের। পাওয়ারপ্লে-র শেষে স্কোর ছিল ১ উইকেটে ৫১। চতুর্থ ওভারের শেষে টম কোহলার-ক্যাডমোর ১৬ বলে ১০ রান করে কামিন্সের শিকার হন।
অষ্টম ওভারের পঞ্চম বলে বিপজ্জনক যশস্বী জয়সওয়ালকে প্যাভিলিয়নে পাঠান শাহবাজ। যশস্বী এই ওভারেই ছক্কা হাঁকান, কিন্তু এরপর বড় শট নিতে গিয়ে সামাদের হাতে ক্যাচ দেন। ২১ বলে তিনি করেন ৪২। ৬৫ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট, ৮.৩ ওভারে ৬৭ রানে পড়ে তৃতীয় উইকেট।
সঞ্জু স্যামসন ব্যক্তিগত ১০ রানে অভিষেক শর্মার প্রথম ওভারেই আউট হন। ১০ বলে ৬ রান করে রিয়ান পরাগ শাহবাজের দ্বিতীয় শিকার। ১১.১ ওভারে ৭৯ রানে চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রয়্যালস। এই ওভারেরই চতুর্থ বলে অশ্বিনকে (৩ বলে ০) ফেরান শাহবাজ। ৭৯ রানেই পড়ে পঞ্চম উইকেট।
১৩.৪ ওভারে ইমপ্যাক্ট সাব শিমরন হেটমায়ারকে (১০ বলে ৪) বোল্ড করে দেন অভিষেক শর্মা। ৯২ রানে ছয় উইকেট হারিয়ে বিপদ বাড়ে রাজস্থানের। ১৭.৪ ওভারে ১২৪ রানে পড়ে সপ্তম উইকেট। টি নটরাজনের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রভম্যান পাওয়েল (১২ বলে ৬)।
রাজস্থান রয়্যালস ৭ উইকেটে ১৩৯ রানের বেশি যেতে পারেনি। ৩৫ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। ট্রেন্ট বোল্ট ০ রানে অপরাজিত থাকেন। এই নিয়ে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ফাইনালে গেল চারবার, সানরাইজার্স হায়দরাবাদ তৃতীয়বার। সানরাইজার্সের পার্ট টাইম বোলাররা ২০ ওভারের মধ্যে ৯ ওভার হাত ঘোরালেন। তাতে রাজস্থান রয়্যালস ৫৭ রান তোলার ফাঁকে হারায় ৫ উইকেট।
শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৩ দিয়ে তিনটি ও অভিষেক শর্মা ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। প্যাট কামিন্স ৪ ওভারে ৩০ ও টি নটরাজন ৩ ওভারে ১৩ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications