IPL 2024, PBKS vs RR Updates: সহজ ম্যাচ কঠিন করে জিতল রাজস্থান রয়্যালস, পাঞ্জাব ম্যাচে অনবদ্য হেটমায়ার
IPL 2024: আইপিএলের মুল্লানপুরে পাঞ্জাব কিংসের সামনে আজ রাজস্থান রয়্যালস। এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংস আছে আটে।
পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

হেটমায়ারের ব্যাটে জয় রাজস্থানের
জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটি ভাঙে ৮.২ ওভারে ৫৬ রানে। চোটের কারণে ছিলেন না জস বাটলার। তাঁর পরিবর্তে ওপেন করতে নামা তনুশ কোটিয়ান ৩১ বলে ২৪ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে বোল্ড হয়ে যান।
১১.৪ ওভারে ৮৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট। যশস্বী জয়সওয়াল চারটি চারের সাহায্যে ২৮ বলে ৩৯ রান করে কাগিসো রাবাডার শিকার হন। ১৩.২ ওভারে রাবাডাই ফেরান সঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালস অধিনায়ক ১৪ বলে ১৮ রান করে লেগ বিফোর হন, রিভিউ নিয়েও লাভ হয়নি।
৮৯ রানে তৃতীয় উইকেট পড়ার পর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। ১৬.৪ ওভারে ১১৩ রানে চতুর্থ উইকেট হারায় রাজস্থান। জীবন পাওয়ার পূর্ণ সদ্ব্যবহার করতে না পেরে তিনি ১৮ বলে ২৩ রান করেই সাজঘরে ফেরেন, অর্শদীপ সিংয়ের শিকার হয়ে।
এই ওভারের শেষ বলে সিমরন হেটমায়ারের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেন আম্পায়ার। যদিও ডিআরএস বাঁচিয়ে দেয় হেটমায়ারকে। ফলে ১৬ বলে প্রয়োজন দাঁড়ায় ৩৩ রানের। ১৭.২ ওভারে হর্ষল প্যাটেল ফেরান জুরেলকে (১১ বলে ৬), ১১৫ রানে পড়ে পঞ্চম উইকেট।
এরপর আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে রাজস্থানকে ট্র্যাকে ফেরান শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল। ১৮.৩ ওভারে পাওয়েল স্যাম কারানের শিকার। ৫ বলে করেন ১১। ১৯তম ওভারের শেষ বলে কেশব মহারাজের (২ বলে ১) উইকেট তুলে নেন কারান, সপ্তম উইকেটের পতন ১৩৮ রানে।
শেষ ওভারে দরকার ছিল ১০। প্রথম ২ বলে কোনও রান দেননি অর্শদীপ সিং। তৃতীয় বলে ছয় মারেন হেটমায়ার। চতুর্থ বলে স্যাম কারানের মিসফিল্ড আরও ২ রান এনে দেয়। এরপর পঞ্চম বলে উইনিং শট হাঁকান হেটমায়ার। তিনি ১টি চার ও তিনটি ছয় মেরেছেন। ১০ বলে ২৭ রানে অপরাজিত থাকেন তিনি।
কাগিসো রাবাডা ৪ ওভারে ১৮ ও কারান ৪ ওভারে ২৫ রান খরচ করে ২টি করে উইকেট নেন। অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন ও হর্ষল প্যাটেল পেলেন ১টি করে উইকেট।
এক বল বাকি থাকতে তিন উইকেটে জয়ের ফলে রাজস্থান রয়্যালস ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। পাঞ্জাব কিংস ৬ ম্যাচে চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। নে রান রেট মাইনাস (-) ০.২১৮।
টার্গেট ১৪৮
আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের সামনে জেতার জন্য ১৪৮ রানের টার্গেট দিল পাঞ্জাব কিংস। মুল্লানপুরে টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে পাঞ্জাব কিংস। ১২.১ ওভারে ৭০ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্যাম কারানের নেতৃত্বাধীন দল। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। ইমপ্যাক্ট সাব হিসেবে আটে নেমে সর্বাধিক রান করলেন আশুতোষ শর্মা। তিনি ১৬ বলে ৩১ রান করেন। দুই ওপেনার- অথর্ব তাইড়ে ও জনি বেয়ারস্টো করেন ১৫ রান করে। প্রভসিমরণ সিং ১০, স্যাম কারান ৬, জিতেশ শর্মা ২৯, শশাঙ্ক সিং ৯, লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২১ রান করেন। হরপ্রীত ব্রার তিন রানে অপরাজিত থাকেন। আবেশ খান ও কেশব মহারাজ ২টি করে এবং ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেন ও যুজবেন্দ্র চাহাল পেয়েছেন ১টি করে উইকেট।
পাঞ্জাব কিংস দল
পাঞ্জাব কিংস- অথর্ব তাইড়ে, জনি বেয়ারস্টো, প্রভসিমরণ সিং, স্যাম কারান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব- রাহুল চাহার, আশুতোষ শর্মা, বিদ্ব্যর্থ কাভেরাপ্পা, হরপ্রীত ভাটিয়া।
রাজস্থান রয়্যালস দল
রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, তনুশ কোটিয়ান, ট্রেন্ট বোল্ট, কেশব মহারাজ, আবেশ খান, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, শুভম দুবে, নভদীপ সাইনি, আবিদ মুস্তাক।












Click it and Unblock the Notifications