IPL 2024: আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারকে ছাড়ছে পাঞ্জাব কিংস? ইডেনে শতরানকারীও ঘোর দুশ্চিন্তায়
IPL 2024: আইপিএলে এবার ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেককেই ছেড়ে দিতে চলেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। বেন স্টোকস দেশের হয়ে খেলাকে প্রাধান্য দিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন না।
রবিবারের মধ্য়ে সব দলকে জানিয়ে দিতে হবে কাদের তারা ধরে রাখছে, কাদের ছেড়ে দেওয়া হচ্ছে। এই তালিকায় উল্লেখযোগ্য ইংল্যান্ডের দুই তারকা। তাঁদের মধ্যে একজন আবার আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার।

পাঞ্জাব কিংস গত বছরের মেগা নিলাম থেকে টি ২০ বিশ্বকাপের ফাইনালের এবং টুর্নামেন্টের সেরা স্যাম কারানকে দলে নিয়েছিল সাড়ে ১৮ কোটি টাকা খরচ করে। বাঁ হাতি জোরে বোলারকে নেওয়ার যে কারণগুলি ছিল তা হলো নেতৃত্বদানের দক্ষতা, যে কোনও পজিশনে ব্যাট করতে পারা এবং স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিংয়ের দক্ষতা।
যদিও চলতি বছরের আইপিএলে তিনি ১৪ ম্যাচে ১০ উইকেট নেন, গড় ৪৯, ইকনমি ১০-এর উপরে। ব্যাট হাতে ১৩৬ স্ট্রাইক রেটে ২৭৬ রান করেন, গড় ২৭-এর সামান্য় বেশি। কারানকে ছেড়ে দিলে মিনি নিলামে অনেক পরিমাণ অর্থ নিয়ে যেতে পারবে পাঞ্জাব কিংস। তেমন হলে ২০২৫ সালের মেগা নিলাম থেকে ফের তারা নিতে পারবে কারানকে।
সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিতে পারে ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুককে। তাঁকে ১৩.২৫ কোটি টাকায় কিনেছিল অরেঞ্জ আর্মি। ইডেনে ৫৫ বলে অপরাজিত ১০০ রান করে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদকে জেতান। এ ছাড়া উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ১১ ম্যাচে মাত্র ১৯০ রান করেন, গড় ২১.১১, স্ট্রাইক রেট ১২৩-এর সামান্য বেশি।
ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। তারপর আইপিএল। আইপিএলের শেষে জুনে টি ২০ বিশ্বকাপ। ফলে ইংল্যান্ড কীভাবে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করবে, সে সম্পর্কে নিশ্চিত হতে পারছে না ফ্র্যাঞ্চাইজি। ৫০ ওভারের বিশ্বকাপ খেতাব দখলে রাখতে না পারা ইংল্যান্ড টি ২০ বিশ্বকাপ খেতাব দখলে রাখতে কোনও ঝুঁকি নেবে না।
সে কারণেই ফ্র্যাঞ্চাইজিগুলি ২০২৪ সালের আইপিএলে ইংল্যান্ডের ক্রিকেটারদের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। পাশাপাশি বড় অঙ্কের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ছেড়ে দিয়ে সেই টাকায় নতুন করে দল সাজাতে চাইছে তারা।
২০২২ ও ২০২৩ সালের আইপিএল নিলাম থেকে যথাক্রমে হর্ষল প্যাটেল ও ওয়ানিন্দু হাসারঙ্গাকে ১০.৭৫ কোটি টাকায় নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হাসারঙ্গা হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারেননি। আইপিএলে তিনি এ বছর ৮ ম্যাচে ৯ উইকেট পান। বেঙ্গালুরুতে চার ম্যাচে চার উইকেট নিলেও ইকনমি ৮.৭৬।
হাসারঙ্গার মতোই ছোট বাউন্ডারিওয়ালা স্টেডিয়ামে হতাশ করেছেন হর্ষল। গত বছরের পর থেকে তিনি জাতীয় দলেও সুযোগ পাননি। আরসিবির হয়ে ১৩ ম্যাচে ১৪ উইকেট পেয়েছিলেন গত আইপিএলে। তবে ইকনমি ৯.৬৫। প্রথম দুই মরশুমে ডেথ ওভারে কার্যকরী হলেও ভরসা দিতে পারেননি। ফলে এই দুই বড় অঙ্কে চুক্তিবদ্ধ ক্রিকেটারকে ছা়ড়ার পথে আরসিবি।
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারে জোফ্রা আর্চারকে। তাঁকে গত দুই বছরে বেশিরভাগ সময় মাঠের বাইরে রেখেছে কনুইয়ের স্ট্রেস ফ্র্যাকচার। খেলতে পারেননি বিশ্বকাপেও। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁকে দলে রাখেনি ইংল্যান্ড। আর্চার কবে মাঠে ফিরবেন তা স্পষ্ট নয়। ২০২২ সালের নিলামে তাঁকে দলে নিলে চমক দিলেও এবার ছেড়ে দেওয়ার পথে মুম্বই ইন্ডিয়ান্স। গত আইপিএলে চারটি ম্যাচ খেলেই চোটের কারণে ফের ছিটকে যান।












Click it and Unblock the Notifications