IPL 2024 Playoffs Scenarios: ২ জায়গা দখলের লড়াইয়ে কোন ৩ দল? আজ জিতলেই শেষ চারে হায়দরাবাদ
IPL 2024 Playoffs Scenarios: কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস প্লে-অফে জায়গা পাকা করে ফেলেছে। কেকেআর প্রথম কোয়ালিফায়ার খেলবে ১ নম্বর দল হিসেবে।
সেই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ কারা হবে তার উত্তর মিলবে রবিবার। তবে আজ যদি সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের মাঠে গুজরাত টাইটান্সকে হারিয়ে দেয় তাহলে তারা পৌঁছে যাবে শেষ চারে।

টানা চারটি ম্যাচ হেরে যাওয়ায় প্রথম দুইয়ে থাকা নিশ্চিত নয় রাজস্থান রয়্যালসের। তাদের ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট, নেট রান রেট ০.২৭৩। ফলে আজ যদি সানরাইজার্স হায়দরাবাদ জয় ছিনিয়ে নেয় তাহলে তারা প্লে-অফ নিশ্চিত করার সঙ্গে দখলে নেবে দ্বিতীয় স্থান, তিনে নেমে যাবে রাজস্থান। সানরাইজার্সের পয়েন্ট ১২ ম্যাচে ১৪, নেট রান রেট ০.৪০৬।
সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস- দুই দলই ১৮ পয়েন্টে পৌঁছতে পারে। সেক্ষেত্রে রবিবার কেকেআরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে হবে রাজস্থানকে। অবশ্য সানরাইজার্স হায়দরাবাদ যদি দুটি ম্যাচেই জিতে যায় তাহলে তারাই খেলবে প্রথম কোয়ালিফায়ার। কেন না, সেক্ষেত্রে প্যাট কামিন্সের দলের নেট রান রেট অনেক ভালো জায়গায় থাকবে।
রাজস্থানের সুবিধাও আছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাব কিংস ম্যাচ রবিবার বিকেল সাড়ে তিনটেয়। সন্ধ্যায় কেকেআরের বিরুদ্ধে নামবে রাজস্থান। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করার জন্য নেট রান রেটের বিষয়টি মাথায় রেখে হিসেব কষে ঝাঁপাতে পারবেন সঞ্জু স্যামসনরা।
চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে, নেট রান রেট ০.৫২৮। আরসিবি রয়েছে ছয়ে, ১৩ ম্যাচে ঝুলিতে ১২ পয়েন্ট, নেট রান রেট ০.৩৮৭। চেন্নাই সুপার কিংসকে নেট রান রেটে টেক্কা দিতে হয় আরসিবিকে জিততে হবে ১৮ রানে, নয়তো ১৮.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছতে হবে।
তবে শনিবারের আরসিবি-সিএসকে ম্যাচের দিন বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচ পণ্ড হলে ১৫ পয়েন্টে পৌঁছে যাবে সিএসকে, নিশ্চিত হবে প্লে-অফ, ছিটকে যাবে আরসিবি। তবে যে দলই প্লে-অফে উঠুক না কেন তাদের এলিমিনেটর খেলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার প্রয়োজন পড়বে।
দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। কঠিন ও জটিল অঙ্কে তারা ঝুলে রয়েছে। যেমন ১৪ ম্যাচে ১৪ পয়েন্টে থাকা দিল্লি ক্যাপিটালসকে প্রত্যাশা করতে হবে যেন চেন্নাই হারিয়ে দেয় আরসিবিকে এবং সানরাইজার্স তাদের বাকি ২টি ম্যাচেই হারে। তাও এমনি নয়। সমীকরণ হলো ২০১ রানের টার্গেট দুটি ম্যাচে তাড়া করে সম্মিলিত ১৯৪ রানে হারতে হবে সানরাইজার্সকে। যা অসম্ভব।
লখনউ সুপার জায়ান্টসের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। তাদের নেট রান রেট মাইনাস (-) ০.৭৮৭। ফলে শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারালে ১৪ পয়েন্টে যেতে পারবে, কিন্তু ২০০ রান তুলে যদি ১০০ রানেও জেতেন লোকেশ রাহুলরা, সেক্ষেত্রেও তাদের নেট রান রেট পৌঁছবে মাইনাস (-) ০.৩৫১। ফলে আশা রাখছেন না এই দুই দলের অতি বড় ভক্তরাও।












Click it and Unblock the Notifications