IPL 2024 Playoffs Scenarios: রাজস্থানের শেষ চার নিশ্চিত, চেন্নাই ম্যাচের আগে চিন্তা বাড়ল আরসিবির
IPL 2024 Playoffs Scenarios: আইপিএলের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ পাকা হয়ে গেল রাজস্থান রয়্যালসের। কেন না, তাদের মতো ১৬ পয়েন্টে পৌঁছতে পারে শুধু চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
দিল্লি ক্যাপিটালস শেষ করল ১৪ পয়েন্টে। নেট রান রেট রইল নেগেটিভেই। লখনউ সুপার জায়ান্টসও এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেল। আরসিবির কাছে শেষ চারের রাস্তা খোলা। কিন্তু রয়ে গেল বড় চিন্তা।

কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকার শীর্ষে আছে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে। রাজস্থান রয়্যালসের ১২ ম্যাচে ১৬ পয়েন্ট, নেট রান রেট ০.৩৪৯। চেন্নাই সুপার কিংসের ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট, সানরাইজার্স হায়দরাবাদের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট।
সিএসকের নেট রান রেট ০.৫২৮, সানরাইজার্সের ০.৪০৬। দিল্লি এখন উঠে এলো পাঁচে। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে। তবে তাদের নেট রান রেট মাইনাস -(০.৩৭৭)। ছয়ে থাকা আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট, নেট রান রেট ০.৩৮৭। লখনউয়ের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। হারের হ্যাটট্রিকে নেট রান রেট মাইনাস (-)০.৭৮৭।
ফলে লখনউ সুপার জায়ান্টস যদি শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায়, তবু তাদের প্লে-অফে যাওয়ার চান্স নেই। কারণ, জঘন্য নেট রান রেট। সানরাইজার্স হায়দরাবাদ রয়েছে সুবিধাজনক জায়গায়। হায়দরাবাদেই তাদের ম্যাচ রয়েছে বৃহস্পতিবার গুজরাত টাইটান্স ও রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।
ফলে সানরাইজার্স সর্বাধিক ১৮ পয়েন্টে যেতে পারে। একটিতে হারলে হবে ১৬ পয়েন্ট। পাঞ্জাব কিংস শেষ ম্যাচে কার্যত ভাঙাচোরা দল নামাবে হায়দরাবাদে। গুজরাত টাইটান্সও বিদায় নিয়েছে, মোটিভেশন তলানিতে। ফলে ফেভারিট সানরাইজার্স।
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের মাঠে খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আরসিবিকে প্লে-অফের দৌড়ে থাকতে শেষ ম্য়াচ জেতা ছাড়া গতি নেই। চেন্নাই প্রথমে ব্যাট করে ২০০ তুললে তা ১৮.১ ওভারে তুলতে হবে আরসিবিকে। কিংবা প্রথমে ব্যাট করে ২০০ তুলে ১৮ রানে জিততে হবে। তবেই চেন্নাই সুপার কিংসকে নেট রান রেটে টেক্কা দিয়ে শেষ চারে যেতে পারবেন বিরাটরা।
কিন্তু বড় চিন্তার কারণ বরুণদেব! আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। বিকেল ৫টা থেকে রাত ১১টার মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা। ফলে ম্যাচ পণ্ড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চেন্নাইয়ের পয়েন্ট হবে ১৫, যা ধোনিদের পৌঁছে দেবে শেষ চারে। বিদায় নেবে আরসিবি। ফলে বিরাট ও আরসিবি ভক্তরা প্রার্থনায় যাতে আবহাওয়ার পূর্বাভাস না মেলে, খেলা হয়।












Click it and Unblock the Notifications