IPL 2024 Auction: আইপিএল নিলাম দুবাইয়ের কোথায় জানেন? চোখধাঁধানো জায়গাটির ভিডিও দেখুন
IPL 2024: আইপিএলের মিনি অকশন এবার হবে দুবাইয়ে। সবমিলিয়ে ৭৭টি জায়গা ভরাট করতে পারবে আইপিএলের ১০টি দল। নিলামে ভাগ্য নির্ধারিত হবে ৩৩৩ জন ক্রিকেটারের।
এই প্রথম আইপিএল নিলাম হবে দেশের বাইরে। লোকসভা নির্বাচনের কারণে এবার ভারতের বাইরে হতে পারে আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই তাই আইপিএলের সূচি ঘোষিত হতে পারে।

দুবাইয়ে ১৭ হাজার আসন-বিশিষ্ট কোকা কোলা অ্যারেনায় হবে এবারের নিলাম। সেই জায়গাটির চোখধাঁধানো ভিডিও ইতিমধ্যেই শেয়ার করেছে পাঞ্জাব কিংস। ২০১৯ সালে কোকা কোলা অ্যারেনা প্রতিষ্ঠিত হয়। এটি মধ্য-প্রাচ্যের সবচেয়ে বড় শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টি-পারপাস ইনডোর অ্যারেনা।
Dubai ✈️ 🔜#SherSquad, which 🦁 is on top of your wish list?#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #IPLAuction pic.twitter.com/Df5a2gGRDQ
— Punjab Kings (@PunjabKingsIPL) December 10, 2023
এবার আইপিএলের নিলামে থাকবে চমক। এই প্রথম আইপিএল নিলাম প্রক্রিয়া পরিচালনা করবেন কোনও মহিলা। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম সফলভাবে পরিচালনা করা মল্লিকা সাগর এবার স্থলাভিষিক্ত হচ্ছে হিউ এডমিডেসের। ২০১৮ সালের আইপিএলের নিলামে রিচার্ড মেডলির জায়গায় আইপিএল নিলাম পরিচালনার ভার পেয়েছিলেন এডমিডেস।
গত বছর আইপিএলের মেগা নিলাম হয়েছিল বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হোটেলে। সেই নিলাম চলাকালীন অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন এডমিডেস। তড়িঘড়ি চারু শর্মাকে ডেকে নিয়ে অবস্থা সামাল দেওয়া হয়েছিল। সুস্থ হয়ে শেষদিকে নিলাম পরিচালনা করেন এডমিডেস। কিন্তু এবার মল্লিকার হাতেই থাকবে হাতুড়ি।
এবার যে ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে তাঁদের মধ্যে ২১৪ জন ভারতীয়। ১১৯ জন বিদেশি। সেই বিদেশিদের মধ্যে অ্যাসোসিয়েট দেশ থেকে রয়েছেন ২ জন। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১১৬ জন ক্রিকেটারের পাশাপাশি আনক্যাপড ক্রিকেটার রয়েছেন ২১৫ জন। ৩০ বিদেশি-সহ সর্বাধিক ৭৭ জন দল পাবেন। ২ কোটি টাকা বেস প্রাইস ৩ ভারতীয়-সহ ২৩ জনের। দেড় কোটি টাকার ব্র্যাকেটে রয়েছেন ১৩ জন।












Click it and Unblock the Notifications