IPL 2024: শামির ভাই কাইফ আইপিএলের দল পেতে মরিয়া! ভাগ্য নির্ধারণ হবে বাংলার কোন ক্রিকেটারদের?
IPL 2024: সৈয়দ মুস্তাক আলির পর বিজয় হাজারে ট্রফিতেও ভরাডুবি হয়েছে বাংলার। আজ বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সুদীপ ঘরামির নেতৃত্বাধীন দল।
আইপিএলের বিভিন্ন দলে বাংলার কিছু ক্রিকেটার রয়েছেন। এবার সেই সংখ্যা আরও বাড়বে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ১৯ ডিসেম্বর অবধি।

ভারতীয় সময় বেলা আড়াইটে থেকে দুবাইয়ে শুরু হবে মিনি অকশন। ঝাড়াই-বাছাইয়ের পর বেছে নেওয়া হয়েছে ৩৩৩ জনকে। যদিও ৩০ বিদেশি-সহ দল পেতে পারেন সর্বাধিক ৭৭ জন ক্রিকেটার। এই তালিকায় নাম রয়েছে বাংলার ৯ জন ক্রিকেটারের। তাঁদের মধ্যে দু-জন আগে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন।
অভিমন্যু ঈশ্বরণ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, সুদীপ ঘরামি-সহ বাংলার বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা গিয়েছিল সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। সেই শিবির চলাকালীন ছিলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, হেড কোচ রিকি পন্টিং।
সৌরভের দিল্লি ক্যাপিটালসে ইতিমধ্যেই বাংলার অভিষেক পোড়েল ও মুকেশ কুমার রয়েছেন। সৌরভ আছেন বলেই আশায় বুক বাঁধছেন বাংলার ক্রিকেটাররা। কেন না, কলকাতা নাইট রাইডার্স বাংলার ক্রিকেটারদের নিতে আগ্রহ দেখায় না। আইপিএলের নিলামের শেষে হতাশ হতে হয় বাংলার বেশিরভাগ ক্রিকেটারকেই।
অভিমন্যু ঈশ্বরণ যেমন গতবারের নিলামে উইকেটকিপার হিসেবে দল পেতে মুখিয়ে ছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। অভিমন্যু অবশ্য এবার ব্যাটার হিসেবেই আইপিএল নিলামে দল-প্রত্যাশী। বাংলার যে ৯ ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়, তাঁদের সকলেরই বেস প্রাইস ২০ লক্ষ টাকা।
কিংস ও ইলেভেন পাঞ্জাব ও পাঞ্জাব কিংসে খেলা ঈশান পোড়েলের নাম আছে ৯ নম্বর সেটে, বোলারদের তালিকায়। ১৫ নম্বর সেট বাংলার ক্রিকেটারদের কাছে গুরুত্বপূর্ণ। কেন না, এই সেটে ব্যাটারদের তালিকায় নাম রয়েছে অভিমন্যু, সুদীপ ও ২০ বছরের ব্যাটার শশাঙ্ক সিংয়ের।
১৬ নম্বর সেটটি অলরাউন্ডারদের। এখানে নাম রয়েছে ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের, যিনি পাঞ্জাব কিংসে ছিলেন। এই তালিকায় নাম আছে কৌশিক মাইতির। এই সেটে অলরাউন্ডার হিসেবে যেমন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফের নাম রয়েছে, তেমনই আবার ১৮ নম্বর সেটে কাইফের নাম রয়েছে বোলারদের তালিকাতেও।
ফলে শামির সঙ্গে একই আইপিএলে তাঁর ভাই কাইফ খেললে সেটাও নজির হবে। ১৭ নম্বর সেটে উইকেটকিপারদের তালিকায় নাম রয়েছে শাকির হাবিব গান্ধীর। ১৮ নম্বর সেটে বোলারদের তালিকায় নাম রয়েছে রবি কুমারের।












Click it and Unblock the Notifications