IPL 2024 Auction: আইপিএল নিলামের তালিকায় ১১ বছর বেড়ে গেল বয়স! সর্বকনিষ্ঠ ক্রিকেটার কোন দেশের?
IPL 2024 Auction: আইপিএলের নিলামে যে ৩৩৩ জনকে ভাগ্য নির্ধারণের জন্য বেছে নেওয়া হয়েছে তাঁদের বয়স ১৭ থেকে ৩৯-এর মধ্যে। বিসিসিআইয়ের তালিকায় রয়েছে একটি বিরাট ভুলও।
নানা বয়সের ক্রিকেটাররা আইপিএলে দল পেতে মুখিয়ে রয়েছেন। অনেকের নামই বাদ পড়েছে। গতকাল বিসিসিআইয়ের তরফে ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার ভিত্তিতে দেখে নেওয়া যাক ১৭ থেকে ২০-র মধ্যে কারা রয়েছেন।

আইপিএলের নিলামে সবচেয়ে কম বয়সের ক্রিকেটার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার ১৭ বছরের ক্রিকেটার কোয়েনা মাফাকা (Kwena Maphaka)। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ ও এ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। এসএ২০ লিগে পার্ল রয়্যালস দলেও রয়েছেন এই বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার।
ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সের যে ক্রিকেটারের নাম নিলামে রয়েছে তিনি হলেন হায়দরাবাদের অবিনাশ রাও আরাবেল্লী। ১৮ বছরের উইকেটকিপার। মধ্যপ্রদেশের ১৯ বছরের ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশীর সঙ্গে ২০ লক্ষ টাকার বেস প্রাইস নিয়ে রয়েছেন ২০ বছরের ব্যাটার অক্ষত রঘুবংশী।
১৯ বছরের আর যে ক্রিকেটারদের নাম নিলামের তালিকায় রয়েছে তাঁর হলেন ঝাড়খণ্ডের উইকেটকিপার কুমার কুশাগ্র, হরিয়ানার ব্যাটার দীনেশ বানা, উত্তরপ্রদেশের স্বস্তিক ছিকারা, সৌরাষ্ট্রের অংশ গোসাই, বিহারের ডানহাতি জোরে বোলার শাকিব হুসেন ও রাজ লিম্বানি।
সার্ভিসেসের অলরাউন্ডার বিনীত ধনখড় ও হায়দরাবাদের অলরাউন্ডার মুরুগান অভিষেকের বয়সও ১৯। অলরাউন্ডারদের তালিকায় নাম রয়েছে মুম্বইয়ের মুশির খান মধ্যপ্রদেশের সাউমি পাণ্ডে ও পাঞ্জাবের আরাধ্য শুক্লার। তাঁদের বয়সও ১৯।
ইংল্যান্ডের ১৯ বছরের রেহান আহমেদের নাম রয়েছে অলরাউন্ডারদের তালিকায়। তবে বাকিদের মতো তাঁর বেস প্রাইস ২০ লক্ষের নয়। ইংল্যান্ডের রেহান ১টি টেস্ট এবং ৩টি করে ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। আফগানিস্তানের ডানহাতি অফ-স্পিনার আল্লাহ গজনফারের ভাগ্য নির্ধারিত হবে, তাঁর বয়সও ১৯।
বাংলার ২০ বছরের শশাঙ্ক সিংয়ের নাম রয়েছে ব্যাটারদের তালিকায়। শশাঙ্কের মতোই উত্তরপ্রদেশের ২০ বছরের ব্যাটার সমীর রিজভি আইপিএলে দলের প্রত্যাশায় রয়েছেন। আইপিএলের নিলামে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার আফগানিস্তানের মহম্মদ নবি। কয়েকদিন পরেই তিনি ৩৯ বছর পূর্ণ করবেন।
তিনটি টেস্ট, ১৫৬টি ওডিআই ও ১০৯টি টি ২০ আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা রয়েছে নবির। আইপিএলে ১৮টি ম্যাচ খেলেছেন। তাঁর বেস প্রাইস ১.৫ কোটি টাকা। আইপিএলের নিলামের যে ৩৩৩ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসের। আইপিএলে ১৮টি ম্যাচ খেলা উইসের বয়স ৩৮, বেস প্রাইস ১ কোটি টাকা।
তালিকায় সবচেয়ে বড় ভুল ইংল্যান্ডের জেমি ওভের্টনের বয়স। তাঁর জন্মের বছর ১৯৮৪ দেখিয়ে উল্লেখ করা হয়েছে এই ক্রিকেটারের বয়স ২০। কিন্তু বাস্তব হলো ইংল্যান্ডের হয়ে ১টি টেস্ট খেলা এই ক্রিকেটার জন্মেছেন ১৯৯৪ সালে। এপ্রিলে ৩০ পূর্ণ করবেন। এই অলরাউন্ডারের বেস প্রাইস ২ কোটি টাকা।












Click it and Unblock the Notifications