IPL 2024, PBKS vs SRH Updates: শশাঙ্ক-আশুতোষের লড়াই ব্যর্থ, পাঞ্জাবকে ২ রানে হারাল হায়দরাবাদ
IPL 2024, PBKS vs SRH: আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুল্লানপুরে পাঞ্জাব কিংসের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই ৪ ম্যাচে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে।
সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে নেট রান রেটের নিরিখে। আজ কোন দল ৬ পয়েন্টে পৌঁছবে তা জানা যাবে কয়েক ঘণ্টার মধ্যেই। এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

সানরাইজার্সের জয়
আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসকে ২ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাঞ্জাব কিংস। যেটুকু লড়াই করার তা করলেন শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ২৯ রান। জয়দেব উনাদকাট দিলেন ২৬ রান। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানেই থামল পাঞ্জাব কিংস।
শশাঙ্ক সিং ২৫ বলে ৪৬ ও আশুতোষ শর্মা ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকলেন। শিখর ধাওয়ান ১৬ বলে ১৪ রান করে আউট হন। জনি বেয়ারস্টো ০ রানে আউট হন। প্রভসিমরণ সিং ৪, স্যাম কারান ২৯, সিকান্দর রাজা ২৮ ও জিতেশ শর্মা ১৯ রান করেন। পাঞ্জাব হারলেও শশাঙ্ক ও আশুতোষের ব্যাটিং তাদের বড় পাওনা।
ভুবনেশ্বর কুমার ২টি এবং প্যাট কামিন্স, টি নটরাজন, নীতীশ কুমার রেড্ডি ও জয়দেব উনাদকাট একটি করে উইকেট পেয়েছেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট হলো সানরাইজার্সের। কিন্তু প্যাট কামিন্সের দল রইল পঞ্চম স্থানেই।
ক্লোজ ম্যাচ হওয়ায় নেট রান রেটে সানরাইজার্স (০.৩৪৪) টেক্কা দিতে পারল না চেন্নাই সুপার কিংসকে (০.৬৬৬)। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানেই দাঁড়িয়ে পাঞ্জাব কিংস (নেট রান রেট -০.১৯৬)।
টার্গেট ১৮৩
পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য রানের টার্গেট দিল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছে সানরাইজার্স। চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে চারে নেমে ৩৭ বলে সর্বাধিক ৬৪ রান করলেন নীতীশ কুমার রেড্ডি।
ট্রাভিস হেড ২১, অভিষেক শর্মা ১৬, এইডেন মার্করাম ০, হেডের পরিবর্তে ইমপ্যাক্ট সাব রাহুল ত্রিপাঠী ১১, হেইনরিখ ক্লাসেন ৯, আবদুল সামাদ ২৫ ও প্যাট কামিন্স ৩, ভুবনেশ্বর কুমার ৬ রান করে আউট হন। শাহবাজ আহমেদ অপরাজিত থাকেন ৭ বলে ১৪ রানে। শেষ বলে নেমে ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন জয়দেব উনাদকাট।
অর্শদীপ সিং ৪ ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট দখল করেছেন। হর্ষল প্যাটেল ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে নেন ২ উইকেট। স্যাম কারানও ২ উইকেট তুলে নিয়েছেন, ৪ ওভারে ৪১ রান খরচ করে। কাগিসো রাবাডা পেয়েছেন ১টি উইকেট। শেষ ১০ ওভারে ১১৬ রান তুলেছে সানরাইজার্স। যদিও শেষ পাঁচ ওভারে ৪৯ রান তুলেছে, চার উইকেট খুইয়ে।
পাঞ্জাব কিংসের দল
পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, সিকান্দর রাজা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, আশুতোষ শর্মা, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাবের দৌড়ে- প্রভসিমরণ সিং, নাথান এলিস, তনয় ত্যাগরাজন, রাহুল চাহার, ঋষি ধাওয়ান।
সানরাইজার্সের একাদশ
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, এইডেন মার্করাম, শাহবাজ আহমেদ, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), নীতীশকুমার রেড্ডি, আবদুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, জয়দেব উনাদকাট। ইমপ্যাক্ট সাব হওয়ার দৌড়ে- উমরান মালিক, ময়াঙ্ক মার্কণ্ডে, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, রাহুল ত্রিপাঠী।
মুল্লানপুরে মহারণ, দ্বৈরথের পরিসংখ্যান
আইপিএলে পাঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব) ও সানরাইজার্স হায়দরাবাদ একে অপরের বিরুদ্ধে ২১টি ম্যাচ খেলেছে। যার মধ্যে সানরাইজার্স জিতেছে ১৪টিতে, পাঞ্জাব ৭টিতে জিতেছে। হোম ম্যাচে অবশ্য হায়দরাবাদের চেয়ে দ্বৈরথে ৪-২ ব্যবধানে এগিয়ে পাঞ্জাব। সানরাইজার্স আবার হায়দরাবাদে এগিয়ে ৭-১-এ। শেষ পাঁচটি দ্বৈরথে তিনটিতে জয় সানরাইজার্সের, দুটিতে পাঞ্জাব কিংসের।












Click it and Unblock the Notifications