IPL 2024: চেতন সাকারিয়াকে নিয়ে মারাত্মক ভুল বিসিসিআইয়ের, ধরা পড়তেই আইপিএল নিলামের আগে স্বস্তি
IPL 2024: আইপিএলের নিলামের যে ৩৩৩ জন ক্রিকেটারের তালিকা বিসিসিআইয়ের তরফে প্রকাশ করা হয়েছিল তাতে ইংল্যান্ডের ২৯ বছরের পেসার জেমি ওভার্টনের বয়স দেখানো হয়েছিল ৪০।
এবার বোর্ডের মারাত্মক ভুলে সৌরাষ্ট্রের নির্ভরযোগ্য পেসার চেতন সাকারিয়ার আইপিএল খেলাই অনিশ্চয়তার মুখে পড়েছিল। অবশেষে সংবাদমাধ্যম সরব হতেই ভুল মানল বিসিসিআই।

আইপিএলের নিলামের আগে যে ক্রিকেটারদের বোলিং অ্যাকশন সন্দেহজনক তাঁদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেখানেও দুটি ধাপ রয়েছে। একটি ক্ষেত্রে রাখা হয়েছে তাঁদের যাঁদের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা পড়লেও ব্যান করা হয়নি। আবার কয়েকজনের নাম প্রকাশ করে দেখানো হয়েছে তাঁরা বোলিং করতে পারবেন না।
প্রথমটির ক্ষেত্রে প্রথম নামই ছিল চেতন সাকারিয়ার। চেতনকে এবারের মিনি নিলামের আগে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। সৌরাষ্ট্রের এই বোলারের নাম সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় দেখে শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে ক্রিকবাজে প্রতিবেদন প্রকাশিত হয়। একে চেতন তো বটেই, তাঁর সতীর্থ ও ভক্তরা আশ্চর্য বোধ করেন।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বছর ২৫-এর বাঁহাতি পেসারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয়। ভুল ভাঙে তখনই। জানা যায়, ভুল করে চেতন সাকারিয়ার নাম 'প্রি-অকশন সাসপেক্ট লিগাল বোলিং অ্যাকশন'-এর তালিকায় রাখা হয়েছে। চেতন সাকারিয়ার বোলিং অ্যাকশন নিয়ে কোনও সমস্যা নেই।
একই সঙ্গে জানা গিয়েছে দক্ষিণাঞ্চলের চেতন নামের এক বোলারের নাম ওই তালিকায় রাখার কথা ছিল। নামের মিল থাকলেও পদবিতেই তৈরি হয় বিভ্রান্তি। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ জানিয়েছেন, সম্ভবত কর্নাটকের চেতন নামের বোলারের নাম লিখতে গিয়েই ওই ভুল হয়েছে। তা সংশোধন করছে বিসিসিআই।
উল্লেখ্য, চেতন রাজস্থান রয়্যালসের পাশাপাশি দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। আইপিএলে ১৯ ম্যাচে ২০টি উইকেট রয়েছে। ২০২১ সালে ১৪ ম্যাচে ১৪টি উইকেট তিনি দখল করেছিলেন।শুধু তাই নয়, চেতন সাকারিয়াকে যে নিশ্চিন্তে নিলাম থেকে কিনে দলে নেওয়া যেতে পারে সে কথা জানিয়ে দেওয়া হচ্ছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকেই। চেতন সাকারিয়ার বেস প্রাইস রাখা হয়েছে ৫০ লক্ষ টাকা।
মুম্বইয়ের তনুশ খৈতান, কেরলের রোহন কুন্নুম্মল, গুজরাতের চিরাগ গান্ধী, কেরলের সলমন নিজার, বিদর্ভের সৌরভ দুবে, হিমাচল প্রদেশের অর্পিত গুলেরিয়ার বোলিং অ্যাকশন সন্দেহজনক হলেও তাঁদের বল করতে আপাতত বাধা নেই। যদিও কর্নাটকের মণীশ পাণ্ডে ও কেএল সৃজিতের বোলিং করায় নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications