IPL 2024: ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে কি আজই শেষবার চিপকে? কেন হঠাৎ তুঙ্গে জল্পনা?
IPL 2024: চেন্নাইয়ের চিপকে চলতি আইপিএলের শেষ হোম ম্যাচটি খেলছে চেন্নাই সুপার কিংস। স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে, 'থালা' এমএসডি আজই শেষবার চিপকে খেলতে নামলেন কিনা।
তার কারণ, এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসকে আজ হারালে জিইয়ে থাকবে সম্ভাবনা। নয়তো নির্ভর করতে অন্য ম্যাচের ফলাফলগুলির উপর।

মহেন্দ্র সিং ধোনির জন্যই দেশের সব স্টেডিয়ামে হলুদ ঢেউ লক্ষ্য করা যায়। সিএসকের জার্সি, পতাকা নিয়ে সকলেই প্রতীক্ষায় থাকেন ধোনি-দর্শনের। ধোনি যখন মাঠে নামেন তখন মায়াবী পরিস্থিতির তৈরি হয়। শব্দব্রহ্মেও যেন চলে প্রতিযোগিতা।
ধোনি এবারের আইপিএলে খুব বেশি বল খেলছেন না। তারই মধ্যে ছক্কা-চার হাঁকিয়ে ক্যামিওর মাধ্যমে মাতিয়ে দিচ্ছেন ভক্তদের। অনেক আগেই ধোনি বলেছিলেন, অবসর নেওয়ার আগে চিপকে সিএসকে ভক্তদের তাঁর খেলা দেখার সুযোগ দেবেন। আজই কি শেষ দিন?
গত বছর আইপিএলের আগে থেকেই জল্পনা ছিল মহেন্দ্র সিং ধোনি অবসর নেবেন। তার আগের মরশুমে ব্যর্থ হয়েছিল সিএসকে। যদিও গত বছর চেন্নাই সুপার কিংস পঞ্চমবার আইপিএল খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্সের কীর্তি স্পর্শ করে। ধোনি তারপর বলেছিলেন, সমর্থকদের ভালোবাসা যা পেয়েছেন, তাতে ফের মাঠে না নামা সঠিক হবে না।
ধোনি হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। এবারও তাঁর হাঁটুর চোটের কথা ভেবেই ওয়ার্কলোড ম্যানেজ করে স্ট্র্যাটেজি সাজাচ্ছে সিএসকে। মনে করা হচ্ছে, ধোনি চেন্নাই সুপার কিংসের বড় পদে আগামী বছর থেকে থাকলেও, ক্রিকেটার হিসেবে এবারই আইপিএলে শেষবার খেলছেন।
চেন্নাই সুপার কিংসের ডেরায় টস জিতে ব্যাট করতে নেমেছে রাজস্থান রয়্যালস। ম্যাচ হাই স্কোরিং মোটেও হবে না বলেই ইঙ্গিত। চেন্নাই সুপার কিংস ১২ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। আজ জিতলে ১৪ পয়েন্ট হবে। নেট রান রেটে সানরাইজার্স হায়দরাবাদকে টেক্কা দিয়ে তিনেও উঠে আসবে।
চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের। তবে তাদের নেট রান রেট মাইনাসে। আজকের ম্যাচ হারলে চেন্নাই সুপার কিংস ছিটকেও যেতে পারে।
কেন না, সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস চলে যাবে ১৮ পয়েন্টে, নিশ্চিত হবে প্লে-অফ। সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি বা লখনউয়ের মধ্যে কোনও দল ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। সেই সম্ভাবনা থাকায় শেষ ম্যাচ জিতে ১৪ পয়েন্টে পৌঁছলেও তা সিএসকের পক্ষে যথেষ্ট নাও হতে পারে।
১৪ পয়েন্ট নিয়ে চেন্নাই প্লে-অফে পৌঁছে ফের চিপকে ফিরতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে সেক্ষেত্রে সানরাইজার্স ও লখনউকে তাদের বাকি ম্যাচগুলি হারতে হবে। মুম্বইয়ের বিরুদ্ধে লখনউয়ের জেতা চলবে না। সেক্ষেত্রে নেট রান রেট ভালো থাকায় তিনে থেকে শেষ চারে যেতে পারে চেন্নাই।












Click it and Unblock the Notifications