IPL 2024: রাহুলের সঙ্গে আচরণ 'লজ্জাজনক'! সঞ্জীব গোয়েঙ্কাকে তুলোধনা করে কোন দৃষ্টান্ত মহম্মদ শামির?
IPL 2024: মহম্মদ শামি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে লোকেশ রাহুলের পাশে দাঁড়ালেন। সেই সঙ্গে তুলোধনা করলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে।
সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনউয়ের ১০ উইকেটে পরাজয়ের পরই ক্ষিপ্ত সঞ্জীব মাঠের মধ্যেই লোকেশ রাহুলের উপর মেজাজ দেখান। রাহুল কিন্তু চুপই ছিলেন। গোয়েঙ্কার এই আচরণ ঘিরে সমালোচনার ঝড় ওঠে।

গ্রেম স্মিথ, স্কট স্টাইরিসরা গোয়েঙ্কার এই ভূমিকার প্রবল সমালোচনা করেন। তাঁদের সুরে সুর মিলিয়ে নেটাগরিকরাও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন। সকলের একটাই কথা, একজন ক্রিকেটার, তাও যিনি দেশের তারকা, তাঁর সঙ্গে এমন আচরণ প্রত্যাশিত নয়।
কিছু বলার থাকলে দল ড্রেসিংরুমে ফেরার পর বলা যেত বলেও মনে করেন অনেকে। কিন্তু মাঠে যেখানে একাধিক ক্যামেরা, সেখানে গোয়েঙ্কা যা করেছেন তা ক্যামেরায় ধরা পড়া স্বাভাবিক। জনমানসেও এর কোনও ভালো বার্তা যায় না বলেই মনে করছেন সকলে।
ভারতের অন্য ক্রিকেটাররা এই প্রসঙ্গে মুখ খোলেননি। যদিও ব্যতিক্রমী মহম্মদ শামি। ক্রিকবাজ লাইভে শামি বলেন, কোটি কোটি মানুষ টিভি দেখে অনেক কিছু শেখেন। যদি ক্যামেরার সামনেই এমনটা হয়, এই ধরনের প্রতিক্রিয়া স্ক্রিনে দেখা যায়, তাহলে তা লজ্জাজনক।
শামি আরও বলেন, কথা বলার সময় সীমারেখা সম্পর্কে ধারণা রাখা জরুরি। নাহলে তা ভুল বার্তা বহন করতে পারে। দলের কর্ণধার যেমন সম্মানীয় ব্যক্তি, তেমনই ক্রিকেটারদেরও সম্মান রয়েছে। সেখানে উনি হঠাৎ করে যা করেছেন তা মোটেই প্রত্যাশিত নয়, এমনটা করা যায় না।
শামির কথায়, যদি কিছু বলার থাকে, তাহলে অনেক উপায় আছে। ড্রেসিংরুম বা টিম হোটেলে উনি নিজের কথা বলতেই পারতেন। মাঠে করার কোনও প্রয়োজনীয়তা ছিল না। এমনটা করে কেউ লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করতে তো পারেন না।
শামি আরও বলেন, রাহুল জলের অধিনায়ক। সাধারণ প্লেয়ার নন। ক্রিকেট টিম গেম। কোনও পরিকল্পনা সফল না-ই হতে পারে। ক্রিকেট খেলায় অনেক কিছুই হতে পারে। ভালো দিনের পাশাপাশি খারাপ দিনও থাকে। কিন্তু প্রতিটি প্লেয়ারের সম্মান রয়েছে। তাঁদের সঙ্গে কথা বলার ধরনও রয়েছে। অনেক সময় ম্যাচের মেজাজও চড়া হয়। ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। সেটা যে কোনও খেলাতেই বাঞ্ছনীয় নয়। তবু হয়ে যায়। একজন প্লেয়ারের সঙ্গে আরেকজন প্লেয়ারের কথা হওয়া আর বাইরে থেকে এসে কেউ ক্রিকেটারকে কিছু বলা এক বিষয় নয়। আমরা বাইরে থেকে নানা জল্পনা করছি। কী কথোপকথন হয়েছে সেটা রাহুল জানেন। কিন্তু যেভাবে গোটা ঘটনা ঘটেছে তা যে কোনও খেলার আসরেই বরদাস্ত করা যায় না।












Click it and Unblock the Notifications