IPL 2024: বেন স্টোকসের বিকল্পের সন্ধানে চেন্নাই সুপার কিংস, ধোনির দলের টার্গেটে কোন তিন?
IPL 2024: আইপিএলের আসন্ন মরশুম থেকে সরে দাঁড়িয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ককে চেন্নাই সুপার কিংস ছেড়ে দেবে কিনা তা স্পষ্ট হবে কাল বিকেলের মধ্যেই।
তবে নিলাম থেকে স্টোকসের উপযুক্ত বিকল্প খুঁজে নেওয়াই অন্যতম চ্যালেঞ্জ হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের জন্য।

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু ফিটনেসজনিত কারণে তিনি বেশিরভাগ ম্যাচে খেলতে পারেননি। গত বছর ২টি ম্যাচে নেমেছিলেন, ১৫ রান করেন, ১ ওভার হাত ঘুরিয়ে দেন ১৮ রান। তবুও চেনা ছন্দে থাকলে স্টোকস তুরুপের তাস যে কোনও অধিনায়কের কাছেই।
২০২৫ সালের আইপিএলের আগে মেগা নিলাম হবে। তার আগে স্টোকসকে ছাড়া নিয়ে দোটানায় চেন্নাই সুপার কিংস। স্টোকসকে ধরে রাখলে ২০২৫ সালে তাঁকে পেতে অসুবিধা হবে না। কিন্তু মেগা নিলাম থেকে তাঁকে ফের দলে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে অন্য দল স্টোকসকে ছিনিয়ে নিতে পারে। সেটাই ভাবাচ্ছে সিএসকে কর্তাদের।
এরই মধ্যে স্টোকসের বিকল্প কে হতে পারেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। সূত্রের খবর, তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাইও অলরাউন্ডার স্টোকসের ভালো বিকল্প হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে। এই তিন ক্রিকেটারই সদ্যসমাপ্ত বিশ্বকাপেও সাফল্য পেয়েছেন।
রাচিন রবীন্দ্র বিশ্বকাপে তিনটি শতরান-সহ ৫৭৮ রান করেছেন। ভেঙেছেন সচিন তেন্ডুলকরের বিশ্বকাপ রেকর্ড। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন। ডেভন কনওয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসে। ফলে তাঁর সঙ্গে ভালো বোঝাপড়ার সুবাদে সিএসকে জার্সি গায়ে সাফল্য পেতেই পারেন।
ড্যারিল মিচেল মিডল অর্ডারে নিউজিল্যান্ডকে ভরসা দিচ্ছেন। ভারতের বিরুদ্ধে লিগ পর্বে এবং সেমিফাইনালে শতরান হাঁকিয়ে নজর কেড়েছেন ফ্র্যাঞ্চাইজি কর্তাদেরও। তাঁরই সঙ্গে আজমাতুল্লাহ ওমরজাইও অনেক দলের মতো চেন্নাই সুপার কিংসের টার্গেট লিস্টে রয়েছেন। আফগানিস্তানের এই ক্রিকেটার বিশ্বকাপে ৩৫৩ রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন। ফলে তাঁকে স্টোকসের বিকল্প হিসেবে ধোনিরা বেছে নিলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications