IPL 2024 Mini Auction: কেকেআর থেকে ছাঁটাই শার্দুলের চেন্নাই সুপার কিংসে প্রত্যাবর্তন চাইছেন রায়না, কারণ কী?
IPL 2024 Mini Auction: আইপিএলের এক মরশুমেই শার্দুল ঠাকুরকে নিয়ে মোহভঙ্গ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সর্বশেষ নিলামে শার্দুলকে ১০.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর।
যদিও এবারের মিনি অকশনের আগেই শার্দুলকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অলরাউন্ডার শার্দুলকে নিয়ে চাহিদা রয়েছে ভালোই। প্রশ্ন উঠছে, শার্দুল ঠাকুর তাঁর পুরানো দল চেন্নাই সুপার কিংসে ফিরবেন কিনা।

শার্দুলকে দিল্লি ক্যাপিটালস থেকে ট্রেডিংয়ের মাধ্যমে নিয়েছিল কেকেআর। শার্দুল ২০২২ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৫ উইকেট নিলেও ইকনমি ছিল ৯.৭৯। চলতি বছরের আইপিএলে কেকেআর জার্সিতে শার্দুল ১১ ম্যাচে মাত্র ৭ উইকেট পান, ইকনমি বেড়ে হয় ১০.৪৮। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অলরাউন্ডারদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
এই পরিস্থিতিতে শার্দুলকে নিলে চেন্নাই সুপার কিংস উপকৃত হবে বলে ধারণা সুরেশ রায়নার। তিনি জিও সিনেমার মক অকশনে বলেন, শার্দুল অনেকটা প্যাট কামিন্সের মতো। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো করতে পারেন। কেকেআর তাঁকে যথাযথভাবে ব্যবহার করতে পারেনি। কিন্তু সিএসকেতে থাকাকালীন তিনি ভালো পারফর্ম করেছেন।
রায়নার কথায়, নতুন বলের পাশাপাশি পুরানো বলেও ভালো বোলিং করতে পারদর্শী শার্দুল। দীপক চাহার চোটপ্রবণ। মাথিশা পাথিরানাও। মনে রাখতে হবে শার্দুল কিন্তু চাহারের মতোই অলরাউন্ডার। সিএসকের সামগ্রিক পরিবেশ সম্পর্কে শার্দুল ওয়াকিবহাল। মহেন্দ্র সিং ধোনি তাঁকে খুবই ভালোভাবে ব্যবহার করেছেন আগে।
এইসব কারণেই শার্দুলকে কিনতে তা সিএসকের পক্ষে গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা রায়নার। শার্দুল ভারতীয় দলে রয়েছেন। ভালো অলরাউন্ডারও। ক্রিকেট মহলের ধারণা, ধোনির নেতৃত্বে খেললে শার্দুল নিজের আন্তর্জাতিক কেরিয়ারও অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার রসদ পেয়ে যাবেন সিএসকে শিবিরে যোগ দিলে।
উল্লেখ্য, ধোনির নেতৃত্বে চার মরশুমে শার্দুল সিএসকের হয়ে ৫৫টি উইকেট নেন। তার মধ্যে ২০২১ সালে সিএসকে খেতাব জিতেছিল। শার্দুল ১৬ ম্যাচে ২১ উইকেট নেন। ব্যাট হাতে তেমন সুবিধা না করতে পারলেও বিগ হিটার হিসেবে ম্যাচের রং বদলে দিতে পারেন নিমেষে।
শার্দুল ঠাকুরের বেস প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা। মুম্বইয়ের দীনেশ লাডের ছাত্র শার্দুল আইপিএলে ৮৬টি ম্যাচ খেলেছেন। ৮৯টি উইকেট রয়েছে। সেরা বোলিং ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট। গড় ২৮.৭৬, ইকনমি ৯.১৬। মোট ২৮৬ রান করেছেন, গড় ১১.৯২। একটি অর্ধশতরান রয়েছে। স্ট্রাইক রেট ১৪০.২০। যদিও হার্দিক পাণ্ডিয়ার জায়গা ভরাট করতে শার্দুলের জন্য গুজরাত টাইটান্সও অল-আউট ঝাঁপাতে পারে।












Click it and Unblock the Notifications