IPL 2024 Mini Auction: আইপিএল নিলামে অলরাউন্ডারদের চাহিদা তুঙ্গে, কোন তারকারা দরে চমক দেখাবেন?
IPL 2024 Mini Auction: আইপিএলের নিলাম কাল দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় শুরু হবে ভারতীয় সময় বেলা ১টা থেকে। ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে।
৩০ বিদেশি-সহ সর্বাধিক ৭৭ জন ক্রিকেটারকে নিতে পারবে ১০টি দল। আইপিএলের বিগত নিলামে সর্বাধিক দরপ্রাপ্ত ক্রিকেটার ছিলেন স্যাম কারান। সর্বকালীন রেকর্ড দর পান তিনি। এবার কাদের ঘিরে আগ্রহ তুঙ্গে দেখে নেওয়া যাক।

পাঞ্জাব কিংস গত আইপিএলে সাড়ে ১৮ কোটি টাকায় কিনেছিল স্যামকে। সেই নজির ভাঙা এবার সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বেস প্রাইস ২ কোটি টাকা। ৯ বছর পর আইপিএলের আসরে ফিরতে মরিয়া। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন। বিভিন্ন পর্যায়ে স্টার্কের অভিজ্ঞতা সম্পদ হবে। তাই অজি পেসারকে নিতে চাইবে অনেকেই।
বেস প্রাইস ৫০ লক্ষ টাকা হলেও বিশ্বকাপে নজরকাড়া রাচিন রবীন্দ্রকে নিয়েও দর কষাকষি চরমে উঠতে পারে। মাইকেল ব্রেসওয়েল ফিট থাকলে রবীন্দ্র নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগই পেতেন না। ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটিং অলরাউন্ডার ছোটবেলা থেকেই এ দেশে এসে প্রশিক্ষণ নিয়েছেন। ভারতের কন্ডিশনের সঙ্গে পরিচিত রাচিন। এবার আইপিএলে দল পেতে চলেছেন।
শার্দুল ঠাকুরকে এক মরশুম রেখেই ছেড়ে দিয়েছে কেকেআর। নাইটদের হয়ে ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। ভারতীয় এ দলের হয়ে সম্প্রতি শার্দুল ৯৮ বলে ৭৬ রান করেন। যেহেতু ভালো মানের ভারতীয় অলরাউন্ডারের সংখ্যা কম, তাই শার্দুলকে নিতে ভালো রকমের দর কষাকষির সম্ভাবনা থাকছে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ২০২০ সালে সাড়ে ১৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। ২০২২ সালের নিলামের আগে তাঁকে ছেড়ে ৭.২৫ কোটিতে কেনে নাইটরা। নাইট জার্সিতে ১৪ বলে ৫০ রান করার নজির রয়েছে কামিন্সের। বল হাতে তাঁর দক্ষতাও সর্বজনবিদিত। লিডারশিপ কোয়ালিটির জন্য কামিন্সের চাহিদা ভালোই রয়েছে।
অলরাউন্ডার কামিন্সের মতো ২ কোটি টাকার ব্র্যাকেটে রয়েছেন জেরাল্ড কোয়েটজি। দক্ষিণ আফ্রিকার এই পেসার বিশ্বকাপে ৮ ম্যাচে ২০ উইকেট পেয়েছেন, যার বেশিরভাগই মাঝের ওভারে। স্লোয়ার দিতে পারদর্শী। এসএ২০ ও মেজর লিগ ক্রিকেটে চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি দলে রয়েছেন। সিএসকে বা আরসিবি তাঁকে নিতে পারে।
২ কোটি টাকার বেস প্রাইসে অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন হর্ষল প্যাটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে ছেড়ে দিয়েছে। ২০২২ সালের নিলামে ডেথ ওভার বিশেষজ্ঞ হর্ষলকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছিল আরসিবি। সম্প্রতি হরিয়ানাকে বিজয় হাজারে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হর্ষল। তাঁকে নিতে অনেক দলই ঝাঁপাতে পারে।
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা দেড় কোটি টাকার বেস প্রাইসে অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন। চলতি বছর লঙ্কা প্রিমিয়ার লিগের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারেননি। ২০২২ সালের নিলামে পাঞ্জাব ও হায়দরাবাদকে টেক্কা দিয়ে নিলাম থেকে হাসারঙ্গাকে নিয়েছিল আরসিবি। এবার প্রথম সেটে তিনিই একমাত্র স্পিন-বোলিং অলরাউন্ডার। পেতে পারেন চমকপ্রদ দর।
আনক্যাপড অলরাউন্ডার শাহরুখ খানের বেস প্রাইস ৪০ লক্ষ টাকা। তাঁকে ছেড়ে ৯ কোটি টাকা নিলামের জন্য ঝুলিতে পুরেছে পাঞ্জাব কিংস। ঘরোয়া ক্রিকেটে ফিনিশার হিসেবে জনপ্রিয় শাহরুখ অনেকটা রভম্যান পাওয়েলের মতো ব্যাট করেন। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং দক্ষতা উন্নত করছেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে লাইকা কোভাই কিংসের হয়ে খেতাব জিতেছেন। বল হাতে ৯ ম্যাচে ১৭ উইকেটও নেন। শাহরুখ এবার নিলামে ভালো দর পেতে পারেন।












Click it and Unblock the Notifications