IPL 2024: আইপিএল মিনি নিলামের আগে দলবদল দুই অধিনায়কের? চরম গোপনীয়তা, কাদের নিতে আগ্রহ তুঙ্গে?
IPL 2024: আইপিএলের মিনি নিলাম ডিসেম্বরেই। তার প্রস্তুতিতে গোপনীয়তা বজায় রেখে স্ট্র্যাটেজি তৈরি করছে ১০টি দল। রবিবারের মধ্যেই জানিয়ে দিতে হবে কোন দল কাকে ধরে রাখল, কাকে ছেড়ে দিল, সে সংক্রান্ত তথ্য।
রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টসের মতো অন্যান্য দলগুলিও চালাচ্ছে ট্রেডিংয়ের আলোচনা। তবে কারা দল হারালেন, তা স্পষ্ট হবে রবিবারের মধ্যেই। ক্রমান্বয়ে জানা যাবে আইপিএলের মিনি নিলামে কাদের ভাগ্য নির্ধারিত হবে।

ট্রেডিং প্রক্রিয়ায় দুই অধিনায়কের দলবদল হতে পারে বলেও জল্পনা তুঙ্গে। বিভিন্ন সংবাদমাধ্যমে রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে জল্পনা জোরালো। তবে রোহিতকে মুম্বই বা হার্দিককে গুজরাত কেন ছাড়বে তার ক্রিকেটীয় যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা হলে অবশ্যই তা বড় চমক হবে। উল্লেখ্য, হার্দিক মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েই গুজরাতে গিয়েছেন।
বিভিন্ন দল প্লেয়ারদের রিটেনশন ও রিলিজ তালিকা সংক্রান্ত চরম গোপনীয়তা বজায় রেখেছে। কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে বলে চর্চা রয়েছে। আবার যেহেতু নামটা রাসেল, তাই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে রেখেও দিতে পারে। কেকেআর টিম সাউদি, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুরকে ছেড়ে দিতে পারে। দিল্লি ক্যাপিটালস পৃথ্বী শ, মণীশ পাণ্ডে-সহ অনেককে ছেড়ে দিতে পারে।
আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও থাকছে সংশয়। বিশেষ করে বিশ্বকাপে ভারতের পরাজয়ের পর বাংলাদেশে উল্লাসের ছবি এ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্য়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। শাকিব আল হাসান, লিটন দাসকে নিয়ে গতবার ভুগতেও হয়েছে কেকেআরকে। ফলে তাঁদের ধরা রাখা হবে কিনা সেটাও দেখার।
হ্য়ারি ব্রুক, স্যাম কারানের মতো হেভিওয়েটরাও দল হারাতে পারেন। বেন স্টোকস জানিয়ে দিয়েছেন আসন্ন আইপিএলে খেলবেন না। অম্বাতি রায়ুডু অবসর নেওয়ায় ৬.৭৫ কোটি টাকা বাড়তি রয়েছে চেন্নাই সুপার কিংসের। নিউজিল্যান্ডের কাইল জেমিসন (১ কোটি) এবং দক্ষিণ আফ্রিকার ডোয়েইন প্রিটোরিয়াস বা সিসান্ডা মাগালার মধ্যে কোনও একজনকে ছাড়তে পারে সিএসকে।
ক্রিকবাজের দাবি, মিনি নিলাম থেকে ৫০ জন ক্রিকেটারকে কিনতে পারে বিভিন্ন দল। যাঁদের নিতে আগ্রহ থাকবে তাঁরা সকলেই এবারের ৫০ ওভারের বিশ্বকাপে নজর কেড়েছেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নিতে অল-আউট ঝাঁপাতে পারে কেকেআর। মিচেল স্টার্ক, ট্রাভিস হেড থেকে ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র ভালো দর পেতে পারেন।
গতকাল ভারতের বিরুদ্ধে ঝোড়ো শতরানকারী জশ ইনগ্লিসও চমক দেখাতে পারেন নিলামে। আইপিএলের পরেই টি ২০ বিশ্বকাপ। ফলে অনেক দলই চাইবে আইপিএল খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারুন ক্রিকেটাররা। বিশ্বকাপে নজর কাড়া দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজিও অনেক দলের কর্তাদের আকৃষ্ট করতে পারেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications