IPL 2024 Mini Auction: আইপিএলের নিলাম পরিচালনার মুখ বদল! মল্লিকা সাগর সম্পর্কে জানুন বিস্তারিত
IPL 2024 Mini Auction: আইপিএলের মিনি নিলাম ১৯ ডিসেম্বর হবে দুবাইয়ে। নিলাম পরিচালনার ব্যাটন এবার থাকছে না অভিজ্ঞ হিউ এডমিডেসের হাতে। এমনই দাবি করেছে স্পোর্টস্টার।
এডমিডেসের স্থলাভিষিক্ত হতে চলেছেন মল্লিকা সাগর। আইপিএলের নিলাম এই প্রথম পরিচালনা করতে চলেছেন কোনও মহিলা।

গত বছর আইপিএলের আগে যে মেগা নিলাম হয়েছিল তা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন এডমিডেস। ওয়ানিন্দু হাসারঙ্গার নিলাম প্রক্রিয়া চলতে চলতেই মঞ্চেই পড়ে গিয়েছিলেন তিনি। এ জন্য নিলাম প্রক্রিয়া বেশ কিছুক্ষণ স্থগিত রাখা হয়। তড়িঘড়ি নিয়ে আসা হয়েছিল চারু শর্মাকে। যদিও শেষের দিকে সুস্থ হয়ে কামব্যাক করেন এডমিডেস।
IPL 2024 auctioneer 👉🏽 Mallika Sagar#IPLAuction pic.twitter.com/Q4cvKRPDdV
— Alisha Imran (@Alishaimran111) December 5, 2023
এবার মহিলা প্রিমিয়ার লিগের নিলামের পর হবে আইপিএলের নিলাম। সেখানে নিলাম পর্ব পরিচালনা করবেন মল্লিকা সাগর। রিচার্ড মেডলি, হিউ এডমিডেস, চারু শর্মার পর এই নিয়ে চতুর্থ কেউ নিলাম পর্ব পরিচালনা করবেন। চারু অবশ্য কয়েক ঘণ্টার জন্য মূল অকশনিয়ারের পরিবর্তের ভূমিকা সামলেছিলেন।
মল্লিকা সাগর আইপিএল নিলাম এই প্রথমবার পরিচালনা করলেও ক্রিকেট জগতে নতুন নন। মহিলাদের প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএলের নিলাম পর্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছিলেন। এবার তাঁরই উপর দায়িত্ব বর্তাচ্ছে আইপিএল নিলাম পরিচালনার। ২০২১ সালে প্রো কবাডি লিগের নিলাম পর্বও পরিচালনা করেছিলেন মল্লিকা।
২০০১ সাল থেকে ব্রিটিশ অকশন সংস্থা ক্রিশটিসের হয়ে নিলাম পর্ব পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক আসরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনে ভারতীয় নারীরা যে যথেষ্ট দক্ষ সেই সংক্রান্ত বার্তা দিতে বিসিসিআই যেভাবে ডব্লিউপিএলের নিলামে তাঁকে নিলাম পরিচালনার দায়িত্ব দিয়েছিল, সেজন্য বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মল্লিকা।
ইতিমধ্যেই আইপিএলের নিলামে অংশ নিতে ১১৬৬ জন ক্রিকেটার আবেদন করেছেন। ১০ দলের পছন্দের ভিত্তিতে সেই তালিকা ছোট করা হবে। আপাতত ৮৩০ জন ভারতীয় ও ৩৩৬ জন বিদেশি নাম নথিভুক্ত করিয়েছেন। ১০ দল সর্বাধিক ৭৭ জনকে নিতে পারবে। ৩০ বিদেশি ও ৪৭ ভারতীয়র জায়গা ভরাটের সুযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications