IPL 2024 Mini Auction: আইপিএল মিনি নিলামে মরিসের রেকর্ড ভাঙবে এবার? সমস্ত খুঁটিনাটি একনজরে
IPL 2024 Mini Auction: আইপিএলের সপ্তদশ সংস্করণটি হবে ২০২৪ সালে। তার আগে কাল হবে মিনি অকশন। আইপিএল নিলামে এবার ভাগ্য নির্ধারণ হবে ৩৩৩ ক্রিকেটারের।
যদিও সর্বাধিক ৭৭ জন ক্রিকেটারই দল পাবেন। ফলে অনেকেরই আইপিএল খেলার অপেক্ষা দীর্ঘতর হবে। কোন ক্রিকেটার মিনি নিলামে সবচেয়ে বেশি দর পেতে পারেন তা নিয়ে চলছে চর্চা। যার উত্তর মিলবে আগামীকালই।

২০২১ সালে শেষবার আইপিএলের মিনি নিলাম হয়েছিল। তাতে রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল ক্রিস মরিসকে। আইপিএলের মিনি অকশনের ইতিহাসে এটিই সর্বকালীন রেকর্ড। ক্রিস মরিস ভেঙে দিয়েছিলেন যুবরাজ সিংয়ের নজির। ২০১৫ সালে যুবরাজকে ১৬ কোটি টাকায় কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।
আইপিএলের মিনি অকশনে সর্বাধিক দর পাওয়া ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স। কালও মিনি অকশনে কামিন্সের ভাগ্য নির্ধারিত হবে। ২০২০ সালের মিনি অকশন থেকে কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।
২০২১ সালের মিনি নিলাম থেকে কাইল জেমিসনকে ১৫ কোটি টাকায় কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৭ সালের মিনি নিলামে বেন স্টোকসকে সাড়ে ১৪ কোটি টাকা দিয়ে তুলে নিয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। ২০২১ সালের মিনি অকশনে গ্লেন ম্যাক্সওয়েলের জন্য ১৪.২৫ কোটি টাকা খরচ করে আরসিবি।
২০২১ সালের মিনি অকশন থেকেই পাঞ্জাব কিংস ১৪ কোটি টাকা দিয়ে কেনে ঝাই রিচার্ডসনকে। ২০২১ সালের মিনি নিলামে ৮টি দল সবমিলিয়ে ৫৭ জন ক্রিকেটারকে কিনতে ১৪৫.৩ কোটি টাকা খরচ করেছিল। ২০১৪ সালের পর সেটিই ছিল মিনি নিলামে ব্যয় করা রেকর্ড পরিমাণ অর্থ।
২০১৫ সালের মিনি নিলামে ৮৭.৩০ কোটি টাকায় দল পেয়েছিলেন মোট ৬৬ জন। ২০১৭ সালে ১৩৫.৮০ কোটি টাকায় বিক্রি হন ৯৪ জন ক্রিকেটার। ২০১৭ সালের মিনি নিলামে ৯১.১৫ কোটি টাকা ব্যয়ে ৬৬ জন ক্রিকেটার দল পেয়েছিলেন। ২০১৯ সালের পরিমাণে ১০৬.৮০ কোটি টাকা সম্মিলিতভাবে খরচ করে ৬০ জন ক্রিকেটারকে নেওয়া হয়।
মিনি অকশনে ব্যাটারদের মধ্যে সর্বাধিক দর পাওয়ার রেকর্ড রয়েছে শিমরন হেটমায়ারের ঝুলিতে। ২০২০ সালে তাঁকে দিল্লি ক্যাপিটালস নেয় ৭.৭৫ কোটি টাকায়। উইকেটকিপারদের মধ্যে মিনি অকশনে ২০১৫ সালে সর্বাধিক দর পান দীনেশ কার্তিক। আরসিবি তাঁকে নিয়েছিল ১০.৫ কোটি টাকায়।
পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে ক্রিস মরিসের রেকর্ড দরের কথা আগেই উল্লেখ করা হয়েছে। স্পিন বোলিং অলরাউন্ডারদের মধ্যে মিনি নিলামে সবচেয়ে বেশি দর পান যুবরাজ সিং, ২০১৫ সালে। ২০২১ সালে ঝাই রিচার্ডসনের দর পেসারদের মধ্যে সর্বাধিক। ২০১৯ সালের মিনি নিলামে ৮.৪ কোটি টাকায় বরুণ চক্রবর্তীকে কেনে কিংস ইলেভেন পাঞ্জাব। এখন বরুণ কেকেআরে। মিনি নিলামের ইতিহাসে কোনও স্পিনারের ক্ষেত্রে এটিই সর্বাধিক দর।












Click it and Unblock the Notifications