IPL 2024: মুম্বইকে হারিয়েই প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ, দুই দল কেমন হবে?
IPL 2024: আইপিএলে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইতিমধ্যেই টানা চারটি ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদ নিশ্চিতভাবেই চাইবে পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে থাকা দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে প্লে-অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করতে।

আইপিএলে পারস্পরিক ২২টি দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১২টিতে, সানরাইজার্স হায়দরাবাদ ১০টিতে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ৩১ রানে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে যদিও ৩-২ ব্যবধানে এগিয়ে মুম্বই।
সানরাইজার্স হায়দরাবাদ আগের ম্যাচে হায়দরাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল। সেই ম্যাচ থেকে সঞ্চিত আত্মবিশ্বাসে ভর করেই জয়ের ধারা বজায় রাখতে মুখিয়ে থাকবে সানরাইজার্স। ১০ ম্যাচে তাদের রয়েছে ১২ পয়েন্ট। চেন্নাই সুপার কিংস জেতায় তারা এখন পাঁচে।
মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে ওঠার আশা শেষ। যদিও তারা চাইবে দশ দলের টুর্নামেন্টে দশম স্থানে শেষ না করে যতটা সম্ভব উঠে আসা যায়। শেষ তিনটি ম্যাচ জিতলে হার্দিক পাণ্ডিয়ার দল পৌঁছতে পারবে ১২ পয়েন্টে। তাতে অবশ্য শেষ চারের রাস্তা খুলবে না কোনওভাবেই, যতই অনেক যদি-কিন্তুর হিসেব থাকুক না কেন। মুম্বইয়ের নেট রান রেট মাইনাস (-) ০.৩৫৬।
কেকেআর ম্যাচে রোহিত শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাক স্প্যাজমের কারণে পিঠে আড়ষ্টভাব ছিল। যদিও গতকাল ও আজ তিনি নেটে স্বাভাবিকভাবেই ব্যাট করেছেন। নমন ধীর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রোহিত পুরোপুরিভাবে ফিট।
মুম্বই ইন্ডিয়ান্স রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদেরও সুযোগ দিতে পারে বলে জল্পনা রয়েছে। অর্জুন তেন্ডুলকরকে খেলানো হয় কিনা সেটাও দেখার। সানরাইজার্স হায়দরাবাদ দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। ওয়াংখেড়েতে এবার প্রায় সব ম্যাচই হাই স্কোরিং হয়েছে। শুধু কেকেআর ম্যাচে স্পিনাররা দাপট দেখিয়েছেন। কাল পিচের দিকে থাকবে সকলের নজর। গরম ও আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ সামলাতে হবে দুই দলকেই।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, রোমারিও শেফার্ড বা মহম্মদ নবি, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ। বোলিংয়ের সময়- নুয়ান তুষারা।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, আনমোলপ্রীত সিং, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন। বোলিংয়ের সময়- জয়দেব উনাদকাট বা ময়াঙ্ক মার্কণ্ডে।












Click it and Unblock the Notifications