IPL 2024: ওয়াংখেড়েতে মুম্বই বনাম দিল্লি, পরিসংখ্যানে এগিয়ে কারা? দুই দলেই পরিবর্তনের হাওয়া
IPL 2024: চলতি আইপিএলে পয়েন্ট তালিকায় শেষ দুটি দলের দ্বৈরথ কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই ইন্ডিয়ান্সের সামনে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটে থেকে।
চলতি আইপিএলে তিনটি ম্যাচের তিনটিতেই হেরে সবার নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালস চারটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। ফলে কালকের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইপিএলে দিল্লি ও মুম্বইয়ের পারস্পরিক দ্বৈরথ হয়েছে ৩৩ বার। ১৮টি ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির জয় এসেছে ১৫টিতে। মুম্বইয়ে দুই দলের দ্বৈরথ হয়েছে ৮টি, তিনটিতে জিতেছে দিল্লি, পাঁচটিতে মুম্বই। দিল্লিতে দুই দলের দ্বৈরথে ১১টির মধ্যে ৬টিতে জিতেছে দিল্লি, পাঁচটিতে জয় পাঁচবারের চ্যাম্পিয়নদের।
মুম্বইয়ের পিচ সাধারণভাবে ব্যাটিং সহায়ক হয়। বাউন্ডারিও খুব বেশি বড় নয়। ফলে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও রয়্যালস ম্যাচের পিচে খেলা হবে। যেখানে ব্যাটারদের রান তুলতে পরীক্ষার মুখে পড়তে হতে পারে। সিমাররাও প্রথমদিকে সাহায্য পেতে পারেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১১০টি ম্যাচের মধ্যে পরে ব্যাট করা দল জিতেছে ৬০টিতে, প্রথমে ব্যাট করে জয়ের সংখ্যা ৫০। কাল ম্যাচ বিকেলে শুরু। ফলে পরিস্থিতি খুব বেশি বদল হবে না। পরের দিকে পিচে ফায়দা তুলতে পারেন স্পিনাররা। রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই থাকবে। সূর্যাস্তের সময়টা ব্যাটারদের কাছে চ্যালেঞ্জিং হতে পারে। বৃষ্টির পূর্বাভাস নেই।
মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দেওয়া সূর্যকুমার যাদব যদি কালকের ম্যাচে খেলেন তাহলে বাদ পড়বেন নমন ধীর। ডেওয়াল্ড ব্রেভিস ও রোমারিও শেফার্ডের মধ্যে কাউকে খেলানো হবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। কোয়েনা মাফাকার সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অদলবদল হতে পারে।
দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটি ম্যাচ খেলেননি কুলদীপ যাদব। তিনি কালকের ম্যাচেও অনিশ্চিত। কুঁচকির চোটের কারণে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। যদিও ম্যাচের আগে ফিটনেস টেস্টের পরেই কুলদীপকে খেলানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। মিচেল মার্শেরও চোট রয়েছে। ফলে অভিষেক হতে পারে জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুকের।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), নমন ধীর বা সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস বা রোমারিও শেফার্ড, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, পীযূষ চাওলা, জেরাল্ড কোয়েটজি, জসপ্রীত বুমরাহ, আকাশ মাধওয়াল। বোলিংয়ের সময় নামানো হতে পারে কোয়েনা মাফাকাকে।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার বা কুলদীপ যাদব, রসিক সালাম, আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা। বোলিংয়ের জন্য ইমপ্যাক্ট সাব খলিল আহমেদ।












Click it and Unblock the Notifications