IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত বাউচারের, আইপিএল শেষেই শ্বশুরের দলে রাহুল
IPL 2024: আইপিএলে অভিযান শেষ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। আগামী মরশুমের আইপিএলের আগে হবে মেগা নিলাম।
ফলে রোহিত শর্মা ও লোকেশ রাহুল তাঁদের বর্তমান ফ্র্যাঞ্চাইজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে। উল্লেখ্য, দুজনেই এবারের আইপিএলে শেষ ম্য়াচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

রোহিত শর্মা যখন ৩৮ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরছিলেন তখন গোটা স্টেডিয়ামের দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম অধিনায়কের বিদায়ী ম্যাচ বলেই ওয়াংখেড়েতে দর্শকদের এমন আচরণ বলে মনে করা হচ্ছে।
ইডেনে দাঁড়িয়ে ভাইরাল ভিডিওতেও রোহিত বলেছিলেন, এটাই শেষ বছর। মনে করা হচ্ছে, পরবর্তী আইপিএলে তিনি অন্য দলের হয়েই খেলবেন। মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচারের অবশ্য দাবি, রোহিতের ভবিষ্যৎ নিয়ে ফ্র্যাঞ্চাইজিতে কোনও আলোচনাই হয়নি।
বাউচার জানান, সম্প্রতি তাঁর সঙ্গে রোহিতের কথা হয়েছে। মরশুমের পর্যালোচনার বিষয়েই আলোচনা হয়। তখন বাউচার প্রশ্ন করেছিলেন, রোহিত শর্মার আগামী লক্ষ্য কী? রোহিত বলেন, বিশ্বকাপ। যা পারফেক্ট উত্তর বলেই অভিহিত করে বাউচার বলেন, রোহিতের ভবিষ্যৎ সম্পর্কে এটুকুই জেনেছি। রোহিত নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণে দক্ষ। সামনে মেগা নিলাম রয়েছে। কেউ জানে না কী অপেক্ষা করছে। শুধু ঘটনা পরম্পরায় নজর রাখতে হবে।
লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ভূমিকা প্রবল সমালোচিত হয়েছে। লোকেশ রাহুলকে জনসমক্ষে বকাঝকা করায়। ফলে রাহুলকেও আর লখনউয়ে দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা রয়েছে। রাহুলের নেতৃত্বে লখনউ অবশ্য গতকাল শেষ ম্যাচে জয় পেয়েছে।
রাহুলের জায়গা হয়নি টি২০ বিশ্বকাপের দলে। তিনি ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, আমি এখন শ্বশুরের দলে থেকে শর্মাজির বেটাকে সাপোর্ট করব। তাঁর জন্য চিয়ার করব। উল্লেখ্য, রাহুল ইঙ্গিত করেছেন একটি জনপ্রিয় বিজ্ঞাপনকে।
ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছে রাহুলের সঙ্গে তাঁর শ্বশুর তথা বলিউড অভিনেতা সুনীল শেট্টি ও রোহিত শর্মাকে। যাতে দেখা যায় রাহুল একটি চেয়ারে বসতে গেলে রোহিত বলেন, ফ্যামিলি ডিনার চলছে। অবাক রাহুল সুনীলকে পাপা বলে উল্লেখ করে কিছু বলতে গেলেই সুনীল বলেন, নো পাপা! যতক্ষণ টুর্নামেন্ট চলছে তখন শর্মাজির বেটাই তাঁর বেটা। বলেই আপেল খাইয়ে দেন। ফলে রাহুল যে বিশ্বকাপের সময় রোহিতদের জন্যই শ্বশুরের সঙ্গে গলা ফাটাবেন সরস জবাবে সেটাই বুঝিয়েছেন।












Click it and Unblock the Notifications