IPL 2024: ইডেনে কেকেআর ম্যাচে পূর্ণশক্তি নিয়েই নামবে মুম্বই ইন্ডিয়ান্স, বিশ্রাম নয় বুমরাহকেও
IPL 2024: আইপিএলের প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই। তা সত্ত্বেও বাকি ২টি ম্যাচকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার ইডেনে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
কেকেআরের বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়ারা মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যেই নামবেন। পূর্ণশক্তি নিয়েই। অন্তত তেমনটাই বুঝিয়ে দিলেন দলের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড।

ঘরের মাঠে গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে নাস্তানাবুদ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যার ফলে পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে এখন নয়ে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর আপাতত শীর্ষে। তবে পয়েন্টের নিরিখে এই দলগত অবস্থান কলকাতা-মুম্বই দ্বৈরথ ঘিরে উন্মাদনায় প্রতিবন্ধকতা রাখছে না।
কলকাতা নাইট রাইডার্স দুরন্ত ছন্দে রয়েছে। আর মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন একঝাঁক তারকা। টি২০ বিশ্বকাপের আগে হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহদের পারফরম্যান্স দেখার সুযোগ হাতছাড়া করতে নারাজ ক্রিকেটপ্রেমীরা। স্বভাবতই টিকিটের হাহাকার।
যেহেতু মুম্বই ইন্ডিয়ান্স শেষ চারে যেতে পারবে না, সেক্ষেত্রে অনেকেই পরামর্শ দিচ্ছেন দেশের ১ নম্বর পেসার জসপ্রীত বুমরাহকে বাকি ম্যাচগুলিতে বিশ্রাম দেওয়ার। যাতে টি২০ বিশ্বকাপে দেশের হয়ে নামার ক্ষেত্রে চোট বা ক্লান্তি অন্তরায় না হয়। চনমনে থেকেই মাঠে নামতে পারেন বুমরাহ।
কিন্তু পোলার্ড গতকালের ম্যাচের পর জানিয়ে দিলেন, বুমরাহকে বিশ্রাম দেওয়া নিয়ে দলের মধ্যে কোনও আলোচনা হয়নি। পোলার্ডের কথায়, সকলেই পুরো আইপিএল খেলার লক্ষ্যেই এসেছেন। ফলে পরের নানাবিধ বিষয় নিয়ে অনেক আগে থেকে ভাবলে তা দলের পারফরম্যান্সের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
পোলার্ড আরও বলেন, আমাদের শিবিরে একটাই ভাবনা, আইপিএল ভালোভাবে শেষ করা। তারপর কী হবে তা দেখা যাবে। বুমরাহ আইপিএলের পুরোটা খেলে ভারতীয় দলে যোগ দিলেও কোনও সমস্যা হবে না বলেই উপলব্ধি পোলার্ডের। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচ ১৭ মে, টি২০ বিশ্বকাপ শুরু ১ জুন।
মুম্বই ইন্ডিয়ান্স কলকাতায় আসার আগে সূর্যকুমার যাদব অপরাজিত শতরান হাঁকিয়েছেন। তাঁর এই ইনিংসের প্রশংসা করেছেন পোলার্ড। তিনি বলেন, সূর্য সব সময় বোলারদের আক্রমণ করতেই পছন্দ করেন। তবে নতুন বল যখন মুভ করে, সেই সময় পরিস্থিতি বুঝে কিছুটা সম্মান প্রদর্শন জরুরি। সেক্ষেত্রে সূর্যর কিছু ক্ষেত্রে আগ্রাসী সত্তা খর্ব করার পরামর্শ দিতে হয়। আবার খেলা এখন যে পর্যায়ে যাচ্ছে তাতে খুব রক্ষণাত্মক মানসিকতা রাখাও হিতে বিপরীত হতে পারে।












Click it and Unblock the Notifications