IPL 2024: আইপিএলের অন্তত প্রথম ২টি ম্যাচে গুজরাত টাইটান্স পাচ্ছে না ম্যাথু ওয়েডকে, ঋদ্ধিমানই বড় ভরসা
IPL 2024: আইপিএলে গুজরাত টাইটান্সের একের পর এক সমস্যা। অন্তত প্রথম ২টি ম্যাচে অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার ম্যাথু ওয়েডকে পাওয়া যাবে না। তিনি শেফিল্ড শিল্ড ফাইনাল খেলে এ দেশে আসবেন।
যদিও গুজরাত টাইটান্সের এতে যে বড় অসুবিধা হবে তা নয়। কেন না, প্রথম একাদশের নিয়মিত সদস্য ঋদ্ধিমান সাহার সঙ্গে এবার মহেন্দ্র সিং ধোনির রাজ্যের রবিন মিঞ্জকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স।

২০১২-১৩ মরশুমের পর এই প্রথম তাসমানিয়া শেফিল্ড শিল্ড ফাইনাল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। হোবার্টে সেই ম্যাচ আয়োজনেরও দায়িত্ব পেতে চলেছে তারা। মার্চের ২১ থেকে ২৫ তারিখ অবধি চলবে শেফিল্ড শিল্ড ফাইনাল। এই ম্যাচ খেলেই ভারতে আইপিএল খেলতে আসবেন ওয়েড।
তাসমানিয়ার হেড কোচ জেফ ভন হোবার্টে সাংবাদিকদের জানিয়েছেন, ইতিমধ্যেই ওয়েড কথা বলেছেন তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে। ফাইনাল খেলার বিষয়ে সবুজ সঙ্কেতও দিয়েছেন তাঁরা। ম্যাটকে পেয়ে দলের শক্তি নিশ্চিতভাবেই বৃদ্ধি পাওয়ায় খুশি ভন।
তাসমানিয়ার হেড কোচ বলছেন, ওয়েড আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না। যদিও আইপিএলের সূচি অনুযায়ী, দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই। ২৪ মার্চ আমেদাবাদে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে গুজরাত টাইটান্স। তাদের দ্বিতীয় ম্যাচ ২৬ মার্চ চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
যেহেতু শেফিল্ড শিল্ড ফাইনাল ২৫ মার্চ অবধি চলার কথা, সেক্ষেত্রে ওয়েড দ্বিতীয় ম্যাচেও খেলতে পারার পরিস্থিতিতে থাকবেন। ৩১ মার্চ আমেদাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তিনি সুযোগের জন্য বিবেচিত হতে পারেন। ৪ এপ্রিল আমেদাবাদেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলে ৭ এপ্রিল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গুজরাত টাইটান্সের।
ফলে ঋদ্ধিমান সাহার উপর আস্থা রেখেই অভিযান শুরু করতে হবে শুভমান গিলের দলকে। ২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স। সেবার ১০টি ম্যাচ খেলেন ওয়েড। গত বছর একটি ম্যাচেও ওয়েডকে খেলানো হয়নি। এদিকে, এখনও মহম্মদ শামির বিকল্পের নামও ঘোষণা করেনি। গোড়ালির অস্ত্রোপচার করানোয় আইপিএলে খেলতে পারবেন না শামি।
গুজরাত টাইটান্স- শুভমান গিল (অধিনায়ক), ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকণ্ডে, বিজয় শংকর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি (খেলতে পারবেন না), নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জশুয়া লিটল, মোহিত শর্মা, আজমাতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, মানব সুতার, স্পেনসার জনসন, রবিন মিঞ্জ।












Click it and Unblock the Notifications