IPL 2024, SRH vs CSK Updates: চেন্নাই সুপার কিংসকে হেলায় হারাল সানরাইজার্স, হায়দরাবাদ এখন পাঁচে
IPL 2024: আইপিএলে আজ হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। পারস্পরিক দ্বৈরথের নিরিখে অনেকটাই এগিয়ে সিএসকে।
এই ম্যাচের স্কোর, যাবতীয় খবর ও পরিসংখ্যানের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

জিতে পাঁচে সানরাইজার্স
জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন সানরাইজার্স ব্যাটাররা। ৩.৩ ওভারেই ৫০ রান এসে যায়। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৭৮। ১০০ রান এসে যায় নবম ওভারের পঞ্চম বলেই।
তিনটি চার ও চারটি ছয়ের সৌজন্যে ১২ বলে ৩৭ রান করেন ওপেনার অভিষেক শর্মা। তিনটি চার ও একটি ছয় দিয়ে সাজানো অপর ওপেনার ট্রাভিস হেডের ২৪ বলে ৩১ রানের ইনিংস। হেড নামেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫০ রান করেন এইডেন মার্করাম।
বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ বল হাতে ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৮ রান করলেন ১৯ বল খেলে। চার উইকেট হারিয়ে শেষমেশ ১৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স। ছক্কা মেরে ম্যাচ জেতান নীতীশ কুমার রেড্ডি। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন তিনি।
নীতীশ এদিন রিভার্স স্যুইপ করে রবীন্দ্র জাদেজার বলে চারও মারেন। হেইনরিখ ক্লাসেন ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন। মঈন আলি ২টি এবং দীপক চাহার ও মাহিশ থিকশানা ১টি করে উইকেট নেন।
টার্গেট ১৬৬
জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদের সামনে ১৬৬ রানের টার্গেট দিল চেন্নাই সুপার কিংস। টস জিতে ফিল্ডিং নিয়েছিল সানরাইজার্স। ২০ ওভারে চেন্নাই সুপার কিংস পাঁচ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৪ বলে সর্বাধিক ৪৫ রান করেন শিবম দুবে। রাচিন রবীন্দ্র ১২, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২৬, অজিঙ্ক রাহানে ৩৫, ড্যারিল মিচেল ১৩ রান করেন। রবীন্দ্র জাদেজা ৩১ ও মহেন্দ্র সিং ধোনি ১ রানে অপরাজিত থাকেন। একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, প্যাট কামিন্স, শাহবাজ আহমেদ ও জয়দেব উনাদকাট।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
এখনও অবধি আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ দ্বৈরথ হয়েছে ১৯ বার। তার মধ্যে সিএসকে জিতেছে ১৪টিতে। সানরাইজার্সের জয় পাঁচটি ম্যাচে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে ৪-১ ব্যবধানে এগিয়ে চেন্নাই। ২০২২ সালে শেষবার চেন্নাই বধ সেরেছে হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications