IPL 2024, LSG vs GT: আইপিএলে গুজরাতকে এই প্রথম হারাল লখনউ, যশের কাছেই ধরাশায়ী গিলরা
IPL 2024, LSG vs GT: আইপিএলে এই প্রথমবার গুজরাত টাইটান্সকে হারাতে সক্ষম হলো লখনউ সুপার জায়ান্টস। ২০২২ ও ২০২৩ সালে মোট চারটি ম্যাচেই লখনউ বধ সেরেছিল গুজরাত।
তখন অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া। এখন শুভমান গিল। গুজরাতের বিরুদ্ধে লখনউয়ের জয়ে অবদান রাখলেন মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া, যশ ঠাকুররা।

লখনউয়ের একানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছিল LSG। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৩ বলে সর্বাধিক ৫৮ রান করেন মার্কাস স্টইনিস।
ওপেনার কুইন্টন ডি কক ৬ রানের বেশি করতে না পারলেও অপর ওপেনার অধিনায়ক লোকেশ রাহুল ৩১ বলে ৩৩ রান করেন। দেবদত্ত পাড়িক্কল করেন ৭। নিকোলাস পুরাণ ২২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। ১১ বলে ২০ করেন আয়ুশ বাদোনি। ক্রুণাল পাণ্ডিয়া ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।
উমেশ যাদব ৩ ওভারে ২২ ও দর্শন নালকণ্ডে ২ ওভারে ২১ রান খরচ করে ২টি করে উইকেট দখল করেন। ৪ ওভারে ২৮ রান দিয়ে ১টি উইকেট পান রশিদ খান। স্পেনসার জনসন ৪ ওভারে ৩২, মোহিত শর্মা ৩ ওভারে ৩৪ ও নূর আহমেদ ৪ ওভারে ২২ রান খরচ করে কোনও উইকেট দখল করতে পারেননি।
জবাবে খেলতে নেমে শুরুটা খারাপ হয়নি গুজরাত টাইটান্সের। ওপেনিং জুটি ভাঙে ৬ ওভারে ৫৬ রানে। সেখান থেকে ১২.১ ওভারে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮০। ১৬তম ওভারের শেষে তা পৌঁছয় ৮ উইকেটে ১০২ রানে। অল্প রানের ব্যবধানে দ্রুত উইকেট হারিয়েই ম্যাচ থেকে হারিয়ে যায় গুজরাত।
ঋদ্ধিমান সাহা ব্যাক স্প্যাজমের কারণে খেলতে পারেননি। ফলে সাই সুদর্শন ওপেন করেন শুভমান গিলের সঙ্গে। সুদর্শন ২৩ বলে ৩১ রান করেন। গিল করেন ২১ বলে ১৯। তিনে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা কেন উইলিয়ামসন ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন।
অভিষেক ম্যাচে বিআর শরৎ ৫ বলে ২ রান করেন। বিজয় শঙ্কর ১৭, দর্শন নালকণ্ডে ১২, রশিদ খান শূন্য, উমেশ যাদব ২ রান করে আউট হন। রাহুল তেওয়াটিয়া ২৫ বলে ৩০ রান করে আউট হলে ১৮.৩ ওভারে গুজরাত টাইটান্স নবম উইকেট হারায় ১২৬ রানে। ১৮.৫ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় গুজরাত।
যশ ঠাকুরের জন্ম কলকাতায়। খেলেন বিদর্ভের হয়ে। ২৫ বছরের যশ ২২টি প্রথম শ্রেণির ম্যাচ, ৩৭টি ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ ও ৪৮টি টি২০ খেলেছেন। টি২০ কেরিয়ারে সেরা বোলিং করলেন আজ, নিলেন ইনিংসে পাঁচ উইকেট। ৩.৫ ওভারে ১টি মেডেন-সহ ৩০ রান খরচ করে নিলেন পাঁচ উইকেট।
ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ১১ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন। নবীন উল হক ও রবি বিষ্ণোই পেলেন ১টি করে উইকেট। ৩৩ রানে জয়ের সৌজন্যে পয়েন্ট তালিকার তিনে চলে এলো লখনউ সুপার জায়ান্টস। ৪ ম্যাচে তাদের দখলে ৬ পয়েন্ট, নেট রান রেট ০.৭৭৫। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাতে গুজরাত টাইটান্স।












Click it and Unblock the Notifications