IPL 2024: আইপিএলের আসরে ফের লান্স ক্লুজনার, কলকাতা-কানেকশন থাকা কোন দলের সঙ্গে যুক্ত হলেন?
IPL 2024: আইপিএলের আসরে লান্স ক্লুজনার। এই নিয়ে দ্বিতীয়বার তিনি আইপিএলে কোচিং স্টাফ হিসেবে কাজ করবেন। লখনউ সুপার জায়ান্টস দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটারকে সহকারী কোচ নিযুক্ত করল।
লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ হয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন এস শ্রীরাম। আজ ঘোষণা করা হলো ক্লুজনারের নাম।

দক্ষিণ আফ্রিকায় এসএ২০-তে দল রয়েছে লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির। ডারবান সুপার জায়ান্টসের হেড কোচের ভূমিকায় রয়েছেন ক্লুজনার। সেই দলেরই সহকারী কোচ শ্রীরাম। ফলে এই দুজনের একে অপরের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে।
আইপিএলে এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে সহকারী কোচের দায়িত্ব সামলেছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডার ক্লুজনার। শন পোলক তখন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন। ক্লুজনারের প্রশিক্ষণাধীন গায়ানা আমাজন ওয়ারিয়রস গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জিতেছিল।
সেই দলে ছিলেন শামার জোসেফ। ফলে জোসেফের সঙ্গে ফের আরেকটি দলে দেখা হচ্ছে ক্লুজনারের। জোসেফ লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন মার্ক উডের পরিবর্ত পেসার হিসেবে। গতকালই লখনউ সুপার জায়ান্টস নিকোলাস পুরাণকে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে।
ফ্র্যাঞ্চাইজি লিগের পাশাপাশি জাতীয় দলে কোচিং করানোরও অভিজ্ঞতা রয়েছে ক্লুজনারের। আফগানিস্তানের হেড কোচ ছিলেন। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে দলের ব্যাটিং কোচের দায়িত্বও সামলেছেন। ত্রিপুরা ক্রিকেট দলের হেড অব ক্রিকেট অপারেশনসের দায়িত্বভারও গত বছর পান দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯৬ থেকে ২০০৪ অবধি মোট ৪৯টি টেস্ট ও ১৭১টি একদিনের আন্তর্জাতিক খেলা ক্লুজনার।












Click it and Unblock the Notifications