IPL 2024: শাহরুখকে নিয়ে গুজব ছড়ালেই কড়া পদক্ষেপ, কেকেআর ম্যাচের আগে বার্তা লখনউ পুলিশের
IPL 2024: আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচ দেখতে কি হাজির থাকবেন শাহরুখ খান? তুঙ্গে জল্পনা।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, শাহরুখ আজ মাঠে থাকবেন। যদিও তার প্রেক্ষিতে নজিরবিহীনভাবে বিবৃতি জারি করল লখনউ পুলিশ।

শাহরুখ খান শুধু ইডেনে নয়, নাইটদের অ্যাওয়ে ম্যাচেও মাঠে হাজির থেকেছেন। এমনকী দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগের দিন শাহরুখ ছেলে আব্রামকে নিয়ে কেকেআরের অনুশীলনে হাজির ছিলেন। আব্রামের সঙ্গে ইডেনে ক্রিকেটও খেলেন। ইডেন ম্যাচের পর মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের ধন্যবাদও জানান শাহরুখ।
কেকেআর দলকে অনুপ্রাণিত করতে ড্রেসিংরুমে বার্তা দিতেও দেখা যায় শাহরুখকে। অনেকেই মনে করেন, কিং খান দলের লাকি ম্যাসকট। তাঁর উপস্থিতি ক্রিকেটারদের উদ্বুদ্ধ করে, নাইট শিবিরে এমন বিশ্বাস রয়েছে। যদিও ক্রিকেটীয় কোনও বিষয়ে নাক গলান না শাহরুখ।
কেকেআরে মালিকানা রয়েছে শাহরুখ খানের এবং জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতার। জুহিকে এবার কেকেআরের ম্যাচে বিশেষ দেখা যাচ্ছে না। উল্টে এবার শাহরুখকেই বেশিরভাগ কেকেআর ম্য়াচে মাঠে থাকতে দেখা গিয়েছে। কখনও কন্যা সুহানাকে নিয়ে, আব্রাম সব সময়ই বাবার সঙ্গে থাকছেন।
শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিও কেকেআরের ম্যাচে মাঠে থাকছেন। আজ লখনউ সুপার জায়ান্টস ম্যাচে শাহরুখ খান মাঠে হাজির থাকবেন বলে সোশ্যাল মিডিয়ায় জোরদার চর্চা শুরু হয়েছে। বেশ কিছু সংবাদমাধ্যমেও জানানো হয়, কিং খান থাকবেন একানায়।
এ ধরনের জল্পনা নতুন কিছু নয়। কিন্তু কার্যত নজিরবিহীনভাবে শাহরুখ খানের লখনউ সফর নিয়ে বিবৃতি জারি করেছে লখনউ পুলিশ। আজ সকালে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, কিছু সোশ্যাল মিডিয়া ও মিডিয়া গ্রুপের মাধ্যমে জানা যাচ্ছে, কেকেআরের ম্যাচ দেখতে শাহরুখ লখনউ আসছেন। কিন্তু এ ব্যাপারে পুলিশের কাছে কোনও খবর নেই।
कतिपय सोशल मीडिया/मीडिया में यह खबर चलायी जा रही है कि आज के IPL मैच में KKR टीम को सपोर्ट करने शाहरुख़ ख़ान आ रहे हैं। इस संबंध में अभी तक ऐसी कोई सूचना प्राप्त नहीं हुई है।अनावश्यक अफ़वाहें ना फ़ैलाई जाए अन्यथा अफ़वाह फैलाने वालों के विरुद्ध कड़ी कार्यवाही की जायेगी। #UPPolice pic.twitter.com/GqkoEHIm6l
— LUCKNOW POLICE (@lkopolice) May 5, 2024
লখনউ পুলিশ শাহরুখের সফর নিয়ে অযথা রটনা না ছড়ানোরও অনুরোধ করেছে। প্রয়োজনে গুজব ছড়ানোর জন্য কড়া পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে লখনউ পুলিশের তরফে। উল্লেখ্য, চলতি আইপিএলে ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছে কেকেআর। দুই দলের পারস্পরিক চারটি সাক্ষাতে এবারও প্রথম লখনউ বধ সেরেছে নাইটরা। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে কেকেআর রয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে। আজ জিতলে নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ।












Click it and Unblock the Notifications