IPL 2024: চোটের কবলে রাজধানী এক্সপ্রেস? গুজরাত ম্যাচ শেষে মায়াঙ্ককে নিয়ে বড় আপডেট দিল লখনউ শিবির
চলতি আইপিএলে এখনও পর্যন্ত সেরা আবিষ্কার মায়াঙ্ক যাদব। বল হাতে আগুন ঝড়াচ্ছেন, ২২ গজ গতির নতুন রাজা এখন লখনউ সুপার জায়ান্টসের এই পেসার। কিন্তু গুজরাতের বিরুদ্ধে প্রথম জয় পাওয়ার দিনেই মায়াঙ্ককে নিয়ে অস্বস্তিতে লখনউ দল। শুভমানদের বিরুদ্ধে বল করলেন মাত্র ১ ওভার। বাকিটা সময় মাঠের বাইরেই কাটালেন। প্রশ্ন উঠছে, আইপিএলের শুরুতেই চোটের কবলে পড়লেন মায়াঙ্ক?
গুজরাতের বিরুদ্ধে ম্যাচে মায়াঙ্ক নিজের সেরা ফর্মের ধারকাছেও ছিলেন না। গুজরাত ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন। সেই ওভারেই সাই সুদর্শন জোড়া বাউন্ডারি হাঁকান। শুভমান গিল-ও তাঁর বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠান।এরপরে আর বল হাতে দেখা যায়নি মায়াঙ্ককে। ফিল্ডিং করার সময় হঠাৎ করেই মাঠ ছাড়েন রাজধানী এক্সপ্রেস নামে পরিচিত মায়াঙ্ক।

দলের বর্ষীয়ান ক্রিকেটার ক্রুনাল পাণ্ডিয়ার কথায় অবশ্য স্বস্তি পেতে পারেন ক্রিকেট ভক্তরা। তিনি বলেন, "মায়াঙ্কের সঙ্গে আমার কথা হয়েছে। ওকে দেখে খুব সমস্যার কিছু আছে বলে মনে হয়নি। যেটা আমাদের জন্য খুবই ভালো খবর।"
ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক আইপিএলে অভিষেক হয়েছে মায়াঙ্ক যাদবের। প্রথম ম্যাচেই ২৭ রান দিয়ে ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট। টানা দু-ম্যাচেই সেরার পুরস্কার জিতেছেন। তাঁকে নিয়ে আইপিএলে আর্কষণও কম নয়, বিশেষ করে তাঁর গতির বোলিং।
এবার আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে বড় চমক বা আবিষ্কারের নাম হল মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার অভিষেক ম্যাচ থেকেই নিজের আগুনে গতিতে সকলের নজর কেড়েছেন। চলতি আইপিএলে সর্বোচ্চ গতিবেগে বল করার রেকর্ড তাঁরই দখলে। আরসিবির বিরুদ্ধে ম্যাচে একটি বল ১৫৬.৭ কিমি বেগে করেন মায়াঙ্ক।
এ বারের আইপিএলে দ্রুততম বলটি করেছেন মায়াঙ্ক যাদব। অভিষেক ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন। পরের ম্যাচেও সেরা হন তিনি। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। পেসারদের চোট পাওয়ার বিষয়টি নতুন নয়, কিন্তু মায়াঙ্কের চোট লাগলে তা লখনউ দলের পক্ষে বড় সমস্যার হতে পারে।












Click it and Unblock the Notifications