IPL 2024 Mini Auction: আইপিএল শুরু হচ্ছে কবে? নিলামের আগেই সরে দাঁড়ালেন কোন ক্রিকেটাররা?
IPL 2024 Mini Auction: দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় কাল ভারতীয় সময় বেলা ১টা থেকে শুরু হচ্ছে আইপিএলের নিলাম। তার আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হলো কোন দেশের ক্রিকেটারদের পুরো আইপিএলে পাওয়া যাবে না।
আইপিএল নিলামের জন্য ৩৩৩ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছিল। সেই তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিলেন ইংল্যান্ড ও বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। এরই মধ্যে জানা গেল আইপিএল উইন্ডো সংক্রান্ত বিরাট তথ্য।

আইপিএল শুরুর সম্ভাব্য দিন নির্ধারিত হয়েছে মার্চ মাচের ২২ তারিখ। চলবে মে মাসের শেষ পর্যন্ত। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি ২০ বিশ্বকাপের আসর। তার আগে পর্যাপ্ত সময় রেখেই আইপিএলের ফাইনালের দিন ফেলা হবে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ দেখেই আইপিএলের সূচি প্রকাশ করা হবে।
জশ হ্যাজলউডের বেস প্রাইস ২ কোটি টাকা। অজি পেসারের এবার দল পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, তাঁর স্ত্রী চেরিনা মারফি ক্রিশ্চিয়ান সন্তানসম্ভবা। ফলে হ্যাজলউড মার্চ ও এপ্রিলে আইপিএল খেলতে পারবেন না। মে মাসের প্রথম সপ্তাহে আসতে পারবেন।
অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররা পুরো আইপিএলেই থাকছেন। শেফিল্ড শিল্ডের ফাইনাল ২১ থেকে ২৫ মার্চ। তবে তাতে খেলার জন্য কাউকে জোর করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ১৯ বছরের লেগ-স্পিন অলরাউন্ডার নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন। তিনি ভারতে টেস্ট সিরিজের দলে রয়েছেন।
ইংল্যান্ডের বাকিদের খেলতে বাধা নেই। তবে ইসিবি জানিয়েছে, ফিটনেস, দেশের হয়ে খেলা এবং নিলামের আবেদনে যদি কোনও ক্রিকেটার শর্ত দিয়ে থাকেন সেই মোতাবেক তাঁদের অংশগ্রহণ নির্ভর করবে। মার্চের ২২ থেকে ৩০ তারিখের মধ্যে ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে। কেউ টি২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাইলে আগে আইপিএলের আসর ছাড়তে পারেন।
বাংলাদেশের বিরুদ্ধে ৩ এপ্রিল অবধি টেস্ট সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট দলের ক্রিকেটাররা তার পর আইপিএলে আসবেন। তবে শ্রীলঙ্কার সাদা বলের ক্রিকেটারদের পুরো আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে। ফলে মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে নিয়ে চিন্তামুক্ত চেন্নাই সুপার কিংস। নিলামে ভাগ্য নির্ধারণ ওয়ানিন্দু হাসারঙ্গা ও দুষ্মন্ত চামিরার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড মার্চের ২২ থেকে মে মাসের ১১ তারিখ অবধি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে। যদি মুস্তাফিজ দল পান। নিলামের আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাঁরা মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ খেলবেন।
আয়ারল্যান্ডের টেস্ট রয়েছে মার্চের ২২ থেকে ২৬ তারিখ অবধি বাংলাদেশের বিরুদ্ধে। তবে বাঁহাতি আইরিশ ফাস্ট বোলার জশ লিটল গুজরাত টাইটান্সের হয়ে সব ম্যাচ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। ফলে পাকিস্তান, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজেও তিনি দেশের হয়ে খেলবেন না। আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের ক্রিকেটারদের পাওয়া যাবে পুরো আইপিএলেই।












Click it and Unblock the Notifications