IPL 2024: লাসিথ মালিঙ্গা আইপিএলে রাজস্থান ছেড়ে মুম্বইয়ে, রোহিতের দলে কোন দায়িত্ব সামলাবেন?
IPL 2024: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ফের যোগ দিলেন লাসিথ মালিঙ্গা। রাজস্থান রয়্যালস ছেড়ে। ২০১৫ সাল থেকে বোলিং কোচের দায়িত্ব সামলানো শেন বন্ডের সঙ্গে মুম্বইয়ের বন্ধন ছিন্ন হয়েছে।
আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ষষ্ঠ তালিকায় রয়েছেন মালিঙ্গা। পেসারদের মধ্যে দ্বিতীয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১২২টি ম্যাচ খেলে ১৭০টি উইকেট নিয়েছেন। এবার ক্রিকেটার হিসেবে নিজের পুরানো দলে বোলিং কোচের দায়িত্ব সামলাবেন মালিঙ্গা।

মালিঙ্গা ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২১ সালে। আগামী মরশুম থেকে তাঁকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের হেড কোচের ভূমিকায় রয়েছেন মার্ক বাউচার। মুম্বই ইন্ডিয়ান্সে মালিঙ্গার প্রাক্তন সতীর্থ কায়রন পোলার্ড সামলাচ্ছেন ব্যাটিং কোচের দায়িত্ব।
বাউচার, পোলার্ড, রোহিতদের সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিডস্টার। গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাপ্রোচ তাঁর ভালো লেগেছিল বলেও জানান মালিঙ্গা। যদিও তিনি তখন ছিলেন রাজস্থান রয়্যালস শিবিরে। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং ইউনিট, বিশেষ করে উঠতি প্রতিভাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই মালিঙ্গার লক্ষ্য।

২০০৮ থেকে ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত ছিলেন মালিঙ্গা। ১১ বছর ক্রিকেটার হিসেবে। ২০১৮ সালে তিনি বোলিং মেন্টরের দায়িত্বও সামলেছেন। মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে চারবার আইপিএল খেতাব জিতেছেন, ২ বার চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ জিতেছেন। এমনকী মেজর লিগ ক্রিকেট খেতাবও রয়েছে।
মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্ক দলের বোলিং কোচ মালিঙ্গা। দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগ এসএ২০-তে তিনি একই ভূমিকা পালন করছেন এমআই কেপ টাউনে। মুম্বই ইন্ডিয়ান্সকে চারবার আইপিএল খেতাব জেতানোয় অবদান রয়েছে শেন বন্ডের। তিনি বোলিং কোচের পদ থেকে সরতেই রাজস্থান থেকে মুম্বইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন মালিঙ্গা।












Click it and Unblock the Notifications