IPL 2024, KKR vs RR: আইপিএলে সপ্তম শতরানে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস জসের, বাটলার-সংহারে হারল কেকেআর
IPL 2024: আইপিএলে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। জিতলেই সঞ্জু স্যামসনদের সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নেবেন শ্রেয়স আইয়াররা।
ইডেনে চলতি আইপিএলে অপ্রতিরোধ্য নাইট-বাহিনী। পারস্পরিক দ্বৈরথের নিরিখেও এগিয়ে কেকেআর। এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

বাটলার-সংহার
ইডেনে রাজস্থান রয়্যালস কেকেআরকে হারিয়ে দিল ২ উইকেটে।
চলতি মরশুমে এই প্রথম ইডেনে হারল নাইটরা। ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল আর সম্ভব হলো না। এর আগে এত রান তাড়া করে কখনও জেতেনি রাজস্থান রয়্যালস। ফলে রান তাড়া করে নিজেদের সবচেয়ে বড় জয়টিও ইডেনেই ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস।
২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২ রানে প্রথম, ৪৭ রানে দ্বিতীয়, ৯৭ রানে তৃতীয় ও ১০০ রানে চতুর্থ উইকেট হারায় রাজস্থান রয়্যালস। তা সত্ত্বেও ৮.২ ওভারে ১০০ রান তুলে ফেলেছিল তারা। যশস্বী জয়সওয়াল ১৯, সঞ্জু স্যামসন ১২, রিয়ান পরাগ ৩৪ ও ধ্রুব জুরেল ২ রান করেন।
৯ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ছিল ৪ উইকেটে ১০১। সেখান থেকে ১৪ ওভারে স্কোর গিয়ে পৌঁছয় ৬ উইকেটে ১২৮ রানে। ১৩তম ওভারের প্রথম দুই বলে রবিচন্দ্রন অশ্বিন ও শিমরন হেটমায়ারকে আউট করেন বরুণ চক্রবর্তী। অশ্বিন ১১ বল খেলে মাত্র ৮ রান করেন।
যদিও ১৫ ওভার থেকেই ফের চালিয়ে খেলতে থাকে রাজস্থান রয়্যালস। ১৫তম ওভারে ১৭ রান দেন বরুণ। ১৬তম ওভারে আন্দ্রে রাসেল ১৭ রান খরচ করে বসেন। ১৭তম ওভারের পঞ্চম বলে রভম্যান পাওয়েলকে (১৩ বলে ২৬) ফেরান সুনীল নারিন। যদিও এই ওভারের প্রথম তিন বলেই ১৬ রান পেয়ে যায় রাজস্থান।
১৮তম ওভারে মিচেল স্টার্ক দেন ১৮ রান। এই ওভারেই ট্রেন্ট বোল্ট রান আউট হন। শেষ ২ ওভারে রাজস্থান রয়্যালসের দরকার হয়ে পড়ে ২৯ রান। ১৯তম ওভারে হর্ষিত রানা ১৯ রান খরচ করে বসেন। ফলে শেষ ৬ বলে জেতার জন্য দরকার ছিল ৯ রান।
শেষ ওভারটি করতে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী। প্রথম বলে ছয় মেরে শতরানে পৌঁছেও সেলিব্রেশনে মাতেননি বাটলার। পরের তিন বলে রান নেননি। পঞ্চম বলে ২ রান নেন, তাতে কেকেআরের স্কোর ছুঁয়ে ফেলে রাজস্থান। শেষ বলে জেতান চার মেরে।
জস বাটলার ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকলেন। আইপিএলে সপ্তম শতরান হাঁকিয়ে সর্বাধিক শতরানকারীদের তালিকায় চলে এলেন দ্বিতীয় স্থানে। সামনে বিরাট কোহলি, যিনি আটটি শতরান করেছেন আইপিএলে।
সুনীল নারিন ৪ ওভারে ৩০, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৬ ও হর্ষিত রানা ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২টি করে উইকেট নিলেন। বৈভব অরোরার ঝুলিতে ১ উইকেট।
রাজস্থান রয়্যালসের টার্গেট ২২৪
টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কেকেআর তুলেছে ২২৩ রান। নারিন ১৩টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৬ বলে ১০৯ রান করেন। ১৭.৩ ওভারে তিনি ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন। ওপেন করতে নামা নারিন আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৯৫। ফিল সল্ট ১০, অঙ্গকৃষ রঘুবংশী ৩০, শ্রেয়স আইয়ার ১১, আন্দ্রে রাসেল ১৩ ও ভেঙ্কটেশ আইয়ার ৮ রান করেন। রিঙ্কু সিং ৯ বলে ২০ ও রামনদীপ সিং ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।
আবেশ খান ৪ ওভারে ৩৫ ও কুলদীপ সেন ৪ ওভারে ৪৬ রান দিয়ে ২টি করে উইকেট পেয়েছেন। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩১ ও যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৫৪ রান দিয়ে একটি করে উইকেট দখল করেছেন। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৪৯ রান খরচ করে কোনও উইকেট পাননি।
নারিনের শতরান
ইডেনে শতরান সুনীল নারিনের। এই নিয়ে কেকেআরের তৃতীয় কোনও ব্যাটার আইপিএলে শতরান করলেন। ২০০৮ সালে নাইটদের প্রথম শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। গত বছরের আইপিএলে শতরান করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ইডেনে কেকেআর নিজেদের ৮৪তম ম্যাচ খেলছে। সুনীল নারিনই প্রথম কেকেআর ব্যাটার যিনি ইডেনে সেঞ্চুরি করলেন।
ইডেনে থাকবেন শাহরুখ
রবিবারের পর আজও ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে হাজির থাকবেন অন্যতম কর্ণধার শাহরুখ খান। কলকাতায় তিনি এসেছেন কন্যা সুহানা ও পুত্র আব্রামকে নিয়ে। এসেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যাও। লখনউকে হারানোর পর আর মুম্বই ফেরেননি কিং খান। বাইপাসের ধারে এক হোটেলেই তিনি আছেন।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
২০০৮ সাল থেকে এখনও অবধি কেকেআর ও রাজস্থান রয়্যালসের মধ্যে দ্বৈরথে নাইটরা জিতেছে ১৪টিতে। রাজস্থান রয়্যালসের জয় ১৩টিতে, একটি পরিত্যক্ত। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে অবশ্য রাজস্থান রয়্যালস এগিয়ে ৩-২-এ। গত বছর ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছিল রাজস্থান।












Click it and Unblock the Notifications