IPL 2024: গেইলকে ছুঁয়ে ওয়ার্নারের আরও কাছে বিরাট, ২০০৮ থেকে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন কারা?
IPL 2024: ২০১৬ সালের পর আইপিএলে ফের মরশুমে সর্বাধিক রানের রেকর্ড দখলে নিলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার হিসেবে পেরিয়েছেন ৮ হাজার রানের গণ্ডি।
বিরাট কোহলির আরসিবি এবার বিদায় নিয়েছে এলিমিনেটর থেকে। কোহলি এবারের আইপিএলে মোট ৭৪১ রান করেছেন।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি তিনবার সকলকে টেক্কা দিয়েছেন। ২০১৫ সালের আইপিএলে ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৫৬২ রান করেছিলেন। এরপর ২০১৭ সালে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি করেন ৬৪১।
২০১৯ সালের আইপিএলে সানরাইজার্সের হয়েই ওয়ার্নার ৬৯২ রান করে কমলা টুপি পেয়েছিলেন সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে। বিরাট কোহলি ২০১৬ সালে করেছিলেন ৯৭৩ রান, যা এখনও অবধি সমস্ত মরশুমের মধ্যে সর্বাধিক রানের রেকর্ড। এবার কোহলির সংগ্রহ ৭৪১। আইপিএল কেরিয়ারে দু-বার সর্বাধিক রান সংগ্রহকারী হলেন।
কোহলি ছাড়া আইপিএলে ২ বার সর্বাধিক রান সংগ্রহকারী হন ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গেইল ২০১১ সালে ৬০৮ এবং ২০১২ সালে করেছিলেন ৭৩৩। গেইল ছাড়া আর কেউ পরপর দুই মরশুমে আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হতে পারেননি।
২০০৮ সালে প্রথম আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের শন মার্শ, তিনি করেছিলেন ৬১৬ রান। ২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের ম্যাথু হেডেন করেন ৫৭২, ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সচিন তেন্ডুলকর ৬১৮ রান করে বাকিদের পিছনে ফেলে দেন।
২০১৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মাইক হাসি ৭৩৩, ২০১৪ সালে কেকেআরের রবিন উথাপ্পা করেন ৬৬০ রান। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের কেন উইলিয়ামসন ৭৩৫, ২০২০ সালে পাঞ্জাব কিংসের লোকেশ রাহুল ৬৭০, ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড় ৬৩৫ রান করে কমলা টুপি পান। ২০২২ সালে রাজস্থান রয়্যালসের জস বাটলার সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন ৮৬৩ রান করে। গত বছর গুজরাত টাইটান্সের শুভমান গিল করেছিলেন ৮৯০। আইপিএলে কোনও মরশুমে করা সর্বাধিক রানের নিরিখে গিল রয়েছেন কোহলির কীর্তির পরেই।
বিরাট তাঁর আইপিএল কেরিয়ারে এবার নিয়ে দু-বার সাতশোর উপর রান করলেন। এবারের আইপিএলে কোহলি ১৫ ম্যাচে ৭৪১ রান করেছেন ৬১.৭৫ গড় ও ১৫৪.৭০ স্ট্রাইক রেট রেখে। একটি শতরান ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন। মেরেছেন ৬২টি চার ও ৩৮টি ছয়।












Click it and Unblock the Notifications