IPL 2024: প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন অনামী সাকিব, ডেথ ওভারে বিকল্প বাড়ল নাইটদের
বিগত কয়েক মরশুমের আইপিএলে কেকেআর শিবিরকে সবথেকে বেশি ভুগিয়েছিল ডেত ওভার বোলারের সমস্যা। এবার সেই সমস্যা মেটাতে রেকর্ড পরিমাণ অর্থে মিচেল স্টার্ককে দলে নিয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। কিন্তু একজন বিদেশির উপর নির্ভর করলেই শুধু হবে না। তার সঙ্গে থাকতে হবে একজন ভারতীয়কে। গত মরশুমে ভারতীয় বোলিং ইউনিট সেভাবে নাইটদের সাফল্য দিতে পারেনি। এবার মরশুম শুরুর আগে স্টার্কের পাশাপাশি আরও একজন ডেথ ওভার বোলার পেয়ে গেল নাইটরা।
নিলামে নামী-দামী তারকাদের মতোই অখ্যাত সাকিব হুসেনকে দলে নিয়েছে কেকেআর। আইপিএল নিলাম থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। মূল্য কম হলে কী তরুণ এই বোলার কিন্তু প্রস্তুতি ম্যাচেই নজর কাড়ছেন। যা টিম ম্যানেজমেন্টকে বাড়তি স্বস্তি দিচ্ছে। মঙ্গলবার ইডেনে নাইটেদর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেসাকিব নজর কাড়লেন স্লগ ওভারে। গতির হেরফের দুর্দান্ত, বাউন্সারও দিতে পারেন, প্রয়োজনে ইয়র্কারও। স্লগ ওভারে সাফল্য পেতে গেলে এই বৈচিত্রগুলি প্রয়োজন। সেটাই করে দেখিয়েছেন সাকিব।

একজোড়া অনুশীলন ম্যাচে বল হাতে নজর কাড়ার পরে সঙ্গত কারণেই সাকিবকে খুশি দেখায়। তবে তিনি স্পষ্ট জানান যে, তারকা ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করার সময় বিন্দুমাত্র নার্ভাস ছিলেন না। যদিও স্টার্ক, রাসেল, নারিনদের মতো মহাতারকাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার বিষয়টি কার্যত স্বপ্নের মতো মনে হচ্ছে সাকিবের কাছে।
একইসঙ্গে সাকিব বলেন, 'স্টার্ক, রাসেলের মতো এই সমস্ত মহান ক্রিকেটারদের সঙ্গে সাজঘর শেয়ার করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে বড় পাওনা।' ২০২০-২১ মরশুমে বিহারের হয়ে কোচবিহার ট্রফিতে অভিষেক হয় সাকিবের। সেই টুর্নামেন্টে ৪ ম্যাচে ২১ উইকেট নেন । এই পারফরম্যান্স সাকিবকে এনসিএতে প্রস্তুতির সুযোগ করে দেয়।
বিহারের হয়ে ২০২২ সালে ২টি টি২০ খেলে ৪ উইকেট নেওয়া সাকিবের এখনও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়নি। আইপিএল গড়ে দিতেই পারে তাঁর কেরিয়ার। আইপিএল অনেক তারকার জন্ম দিয়েছে। ভালো মানের কোচিং স্টাফদের পাশাপাশি দেশ-বিদেশি তারকাদের কাছে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন সাকিব।












Click it and Unblock the Notifications