IPL 2024: ইডেনে মঙ্গলে একের সামনে দুই! রাজস্থান রয়্যালসকে হারালেই শীর্ষস্থানে কেকেআর
IPL 2024: চলতি আইপিএলে এখনও অবধি হোম ম্যাচে অপ্রতিরোধ্য কলকাতা নাইট রাইডার্স। কাল রাজস্থান রয়্যালসকে হারালেই পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নেবে কেকেআর।
আজ সন্ধ্যায় ইডেনে অনুশীলন সারল রাজস্থান রয়্যালস। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নেওয়ার পর কেকেআর শিবিরে আজ নো ক্রিকেট!

২০০৮ সাল থেকে এখনও অবধি কেকেআর ও রাজস্থান রয়্যালসের মধ্যে দ্বৈরথে নাইটরা জিতেছে ১৪টিতে। রাজস্থান রয়্যালসের জয় ১৩টিতে, একটি পরিত্যক্ত। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে অবশ্য রাজস্থান রয়্যালস এগিয়ে ৩-২-এ। গত বছর ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছিল রাজস্থান।
দুই দলই চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। রাজস্থান রয়্যালস জস বাটলার, রবিচন্দ্রন অশ্বিনদের ছাড়াই চাপের মুখে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংসের হোম ম্যাচে। হাল্কা চোটের কারণে খেলতে না পারলেও কালকের ম্যাচে বাটলার, অশ্বিন দলে ফিরতে পারেন।
কলকাতা নাইট রাইডার্স কালকের ম্যাচেও পাবে না নীতীশ রানাকে। তাছাড়া গৌতম গম্ভীর ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন খুব বেশি রদবদল না করার। ফিল সল্ট, মিচেল স্টার্কের ছন্দে ফেরা স্বস্তি দিয়েছে নাইট শিবিরকে। কেকেআর উইনিং কম্বিনেশই ধরে রাখতে পারে।
ইডেনে গতকাল কেকেআর দাপট দেখিয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। লখনউ বেশি রান তুলতে পারেনি। তবে এবারের আইপিএলে ইডেনে প্রথম ম্যাচটি হাই স্কোরিং হয়েছিল। কালকের ম্যাচটিতেও ব্যাট-বলের জমাটি দ্বৈরথ দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
কলকাতায় ভালোই গরম পড়েছে। কাল তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। খেলা সন্ধ্যায় হলেও গরম ও আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ সামলাতে হবে ক্রিকেটারদের। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪২ শতাংশ।
কালকের ম্যাচে তিন উইকেট নিলেই টি২০ ক্রিকেটে সাড়ে তিনশো উইকেট হবে যুজবেন্দ্র চাহালের। বাটলার, হেটমায়ারদের সুনীল নারিন শান্ত রাখতে কী রণকৌশল নেন, সেদিকেও নজর থাকবে। ইডেনে এবার ৮ ওভারে নারিনের ইকনমি মাত্র ৪.৫০, কোনও ব্যাটারই তাঁর বলে চার বা ছয় মারতে পারেননি।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা। বোলিংয়ের সময়- বরুণ চক্রবর্তী।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রভম্যান পাওয়েল বা কেশব মহারাজ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, কুলদীপ সেন। বোলিংয়ের সময়- যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications