KKR In IPL 2024: ইডেনে শুরু কেকেআরের অনুশীলন, অধিনায়ক শ্রেয়সকে নিয়ে বিরাট স্বস্তির খবর
KKR In IPL 2024: ঠিক ৭ দিন পরেই শুরু সপ্তদশ আইপিএল। ইডেনে নাইটদের প্রথম ম্যাচ ২৩ মার্চ। তার আগে আজ থেকে ক্রিকেটের নন্দনকাননে অনুশীলনে নেমে পড়ল কেকেআর।
বিকেলে প্রথমে ওয়ার্ম আপ। তারপর বিকেল ৫টা থেকে রাত ৯টা অবধি অনুশীলনের সময় ধার্য রয়েছে। ইতিমধ্যেই রিঙ্কু সিং-সহ অনেকেই এসে গিয়েছেন। তবে শ্রেয়স আইয়ার এখনও আসেনননি।

মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি ফাইনাল খেলতে গিয়ে শ্রেয়স চোট পেয়েছিলেন। ফলে কেকেআরের অধিনায়ক আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেকেআর শিবিরের তরফে অবশ্য এখনও কিছু জানানো হয়নি। যদিও শ্রেয়সকে নিয়ে উদ্বেগের কিছু নেই বলেই জানা যাচ্ছে।
চোটের কারণে বিদর্ভের বিরুদ্ধে ফাইনালে চতুর্থ ও পঞ্চম দিনে ফিল্ডিং করতে নামেননি শ্রেয়স। তা থেকেই তাঁকে নিয়ে জল্পনা তৈরি হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শ্রেয়স আইপিএলের প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচ নাও খেলতে পারেন। তিনি কেকেআরের অধিনায়ক হওয়ায় বিষয়টি অন্য মাত্রা পায়।
যদিও মুম্বই রঞ্জি দলের ম্যানেজার ভূষণ পাতিল ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, চিন্তার কোনও কারণ নেই। দিন দুয়েকের মধ্যেই তিনি কলকাতায় কেকেআরের শিবিরে যোগ দেবেন। তিনি ভালোই আছেন। কেকেআর শিবির থেকেই শ্রেয়স সম্পর্কে ইতিবাচক বার্তাই মিলেছে।
পিঠে চোটের কারণে শ্রেয়স মুম্বইয়ের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনাল খেলতে পারেননি। তেমন ছন্দেও ছিলেন না। তবে রঞ্জি ফাইনালে ৯৫ রানের ইনিংস খেলে স্বস্তি দেন। এরপরই তাঁর পিঠে চোটের বিষয়টি সামনে আসায় উদ্বেগ বাড়ে। মুম্বই রঞ্জি দলের ম্যানেজারের দাবি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি মাঠে নামেননি।
গত বছর চোটের কারণে শ্রেয়স আইপিএলে খেলতে পারেননি। অস্ত্রোপচারও হয়। গত বছর কেকেআরকে নেতৃত্ব দেন নীতীশ রানা। এবার নাইটদের মেন্টর হয়ে ফিরেছেন গৌতম গম্ভীর। যাঁর অধিনায়কত্বে কেকেআর দু-বার আইপিএল খেতাব জিতেছিল। ১০ বছরের ট্রফির খরা কেকেআর মেটাক, তেমনটাই চাইছেন ভক্তরা।












Click it and Unblock the Notifications