IPL 2024: কেকেআরের বরুণের পরিবারের সদস্যরা সিএসকে সমর্থক! ধোনির ব্যাট পেয়ে খুশিতে ডগমগ গুরবাজ
IPL 2024: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অপরাজেয় তকমা ঘুচেছে চেন্নাইয়ে। চিপকে কলকাতা নাইট রাইডার্সকে হেলায় হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচে কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তীও পেলেন না হোম সাপোর্ট! ম্যাচের শেষে সে কথা জানালেন টিভি চ্যানেলেই।

বরুণ চক্রবর্তীর জন্ম কর্নাটকে। যদিও তিনি ঘরোয়া ক্রিকেট খেলেন তামিলনাড়ুর হয়ে। ফলে চিপক বরুণের কাছে হোম গ্রাউন্ড। সেখানেই হোম সাপোর্ট পেলেন না তিনি। গতকালের ম্যাচে বল হাতে উইকেট দখলও করতে পারেননি। যদিও আগের ম্যাচেই দিল্লি ক্যাপিটালস ম্যাচে তিনি ৩৩ রানে ৩ উইকেট নেন।
বরুণ চলতি আইপিএলে যে ম্যাচে উইকেট পাচ্ছেন তার পরের ম্যাচেই আবার উইকেট পাচ্ছেন না। সেই ধারা অব্যাহত থাকল চিপকে। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ১ উইকেট নেওয়ার পর আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে উইকেট পাননি। দিল্লি ম্যাচে উইকেট পান, সিএসকে ম্যাচে পেলেন না।
বরুণ ম্যাচের শেষে জানালেন, চিপকে খেলতে ভালো লাগলেও তাঁর পরিবারের সদস্যরা মাঠে এসেছিলেন চেন্নাই সুপার কিংসের জার্সি পরেই। তাঁরা সিএসকে-কে সমর্থন করেছেন। চিপকের উইকেট বুঝতেও তাঁদের ভুল হয়েছিল বলে স্বীকার করেছেন নাইট স্পিনার।
বরুণের কথায়, প্রথমে দেখে পাটা উইকেটই মনে হয়েছিল। যদিও সেই ভাবনা ভুল ছিল। আরও ভালো করে পিচ অনুধাবন না করতে পারার আক্ষেপ নিয়েই বরুণ বলেন, উইকেট মন্থর আচরণ করছিল শুরু থেকেই। ফলে স্ট্রোক খেলা সহজ ছিল না। পরের দিকে ডিউ ফ্যাক্টরের সমস্যা হয়। শিবম দুবেকে বল করার সময় গ্রিপ এতটাই ভিজে ছিল, যে বল ধরতে অসুবিধা হচ্ছিল।
কেকেআর অবশ্য এই ম্যাচ হারলেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে। সামনে টানা পাঁচটি হোম ম্যাচ খেলবে কেকেআর। ১৪ এপ্রিল পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। এ ছাড়া ১৬ এপ্রিল রাজস্থান রয়্যালস, ২১ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২৬ এপ্রিল পাঞ্জাব কিংস ও ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইটদের ম্যাচ রয়েছে ইডেনে।
এদিকে, ফিল সল্টকে খেলাতে গিয়ে রহমানুল্লাহ গুরবাজকে এবার আইপিএলে একটি ম্যাচেও খেলায়নি কেকেআর। আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার গুরবাজ অবশ্য গত বছর নজর কেড়েছিলেন ওপেন করতে নেমে। এবার তিনি চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে পেলেন সই করা ব্যাট। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন খুশিতে ডগমগ গুরবাজ।












Click it and Unblock the Notifications