IPL 2024: আইপিএলে ইংল্যান্ডের পরিবর্তে শ্রীলঙ্কার পেসার কেকেআরে, লখনউয়ের প্রাক্তনীকে নিতে গম্ভীরের মস্তিষ্ক?
IPL 2024: আইপিএলে বোলিং বিভাগে পরিবর্তন করতে বাধ্য হলো কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের পেসারের স্থলাভিষিক্ত হলেন শ্রীলঙ্কার পেসার। তিনি আবার লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তনী।
লখনউ সুপার জায়ান্টস ছেড়ে কেকেআরের মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। দল গঠনেও দু-বারের আইপিএল-জয়ী দলের অধিনায়কের মস্তিষ্ক কাজে লাগাচ্ছে শাহরুখের দল। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না বলেই খবর।

কলকাতা নাইট রাইডার্স জার্সি গায়ে খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরাকে। তাঁকে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই দলে নিল কেকেআর। গাস অ্যাটকিনসনের বিকল্প হিসেবে। অ্যাটকিনসনকে ডিসেম্বরে আইপিএল নিলাম থেকে ১ কোটি টাকায় কিনেছিল কেকেআর। কিন্তু তিনি আইপিএলে খেলবেন না।
৩২ বছরের চামিরা রাজস্থান রয়্যালস (২০১৮) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২০২১) দলে থাকলেও আইপিএল অভিষেক হয়নি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে প্রথম খেলেন। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগের আশেপাশে বল করতে পারদর্শী। তিনি আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। সম্প্রতি আইএলটি২০-তে তিনি আবু ধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে দুবাই ক্যাপিটালসের হয়ে ২০ রানে ২ উইকেট নেন।
অ্যাটকিনসন এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা জানার পরই আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন বছর ২৬-এর অ্যাটকিনসন। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে অ্যাটকিনসন তিনটি ম্যাচ খেলেছিলেন। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের সিরিজ খেলেন। ভারতে টেস্ট সিরিজের দলে থাকলেও এখনও খেলেননি।
চামিরা আইপিএলে মোট ১২টি ম্যাচ খেলেছেন। ৮.৭৩ ইকনমি রেটে ৯টি উইকেট রয়েছে তাঁর। চামিরা ছাড়াও কেকেআরে বিদেশি পেসার হিসেবে রয়েছেন মিচেল স্টার্ক, তাঁকে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। আইপিএল শুরুর কথা রয়েছে ২২ মার্চ থেকে। রিজার্ভ ডে-সহ ২৭ মে-র মধ্যে আইপিএল শেষ করতে চাইছে বিসিসিআই।
আইপিএলের সূচি প্রকাশিত হবে লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ্যে এলেই। আইপিএলের পুরোটাই দেশের মাটিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভোটের সূচি দেখেই আইপিএলের সূচি নির্ধারিত হবে। জানা গিয়েছে, ১৫ মার্চ থেকে কেকেআর ইডেনে অনুশীলন শুরু করবে।












Click it and Unblock the Notifications